লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় ১২ চিকিৎসাকর্মী নিহত
ছবি: সংগৃহীত
১০:২৪ এএম | ১৪ মার্চ, ২০২৬
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় একটি স্বাস্থ্যকেন্দ্রের ১২ জন চিকিৎসাকর্মী নিহত হয়েছেন। শনিবার (১৩ মার্চ) লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। নিহতদের মধ্যে চিকিৎসক, প্যারামেডিক ও নার্স রয়েছেন।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রমতে, বুর্জ কালাউইয়া শহরের একটি ক্লিনিকে ইসরায়েলি বাহিনী সরাসরি হামলা চালায়।
এ ছাড়া সাওয়ানে শহরে আলাদা এক হামলায় আরো দুই প্যারামেডিক নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননের লিটানি নদীর ওপর একটি গুরুত্বপূর্ণ সেতু ধ্বংস করার কথা স্বীকার করেছে। তাদের দাবি, হিজবুল্লাহ এই সেতুটি অস্ত্র ও শক্তি বৃদ্ধির কাজে ব্যবহার করত। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হিজবুল্লাহকে নিরস্ত্র না করা পর্যন্ত লেবাননকে অবকাঠামোগত ক্ষতির মূল্য দিতে হবে।
এদিকে হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম এক টেলিভিশন ভাষণে বলেছেন, তার দল ইসরায়েলের সাথে দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। তিনি একে একটি ‘অস্তিত্ব রক্ষার যুদ্ধ’ হিসেবে বর্ণনা করেন এবং দাবি করেন যে যুদ্ধক্ষেত্রে ইসরায়েলিরা বড় ধরনের চমকের সম্মুখীন হবে। গত সপ্তাহে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিশোধ নিতে হিজবুল্লাহ ইসরায়েলে আক্রমণ শুরু করলে এই সংঘাত চরম রূপ নেয়।
লেবাননের সাধারণ মানুষ এই যুদ্ধের চরম মূল্য দিচ্ছে।
সিডন শহরের কাছে ইসরায়েলি হামলায় একই পরিবারের চার শিশুসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন। জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর একটি ঘাঁটিতেও ইসরায়েলি গোলা আঘাত হেনেছে বলে খবর পাওয়া গেছে, তবে সেখানে শান্তিরক্ষীদের কেউ হতাহত হননি।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বৈরুত সফরকালে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। তিনি বাস্তুচ্যুত মানুষের সহায়তায় ৩২৫ মিলিয়ন ডলারের মানবিক সাহায্যের আবেদন করেছেন।
সূত্র : এএফপি