ঈদুল ফিতর উদযাপনের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া
ছবি: সংগৃহীত
১২:২৪ পিএম | ১৪ মার্চ, ২০২৬
পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইমামস কাউন্সিল। এক বিবৃতিতে তারা জানায়, আগামী ২০ মার্চ (শুক্রবার) দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে।
বিবৃতিতে বলা হয়, অস্ট্রেলিয়ার ফতোয়া কাউন্সিলের মাধ্যমে জ্যোতির্বৈজ্ঞানিক পর্যবেক্ষণ কেন্দ্র এবং বিশেষায়িত বৈজ্ঞানিক সংস্থাগুলোর তথ্য অনুসরণ করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।ঘোষণা অনুযায়ী, ১৯ মার্চ (বৃহস্পতিবার) হবে পবিত্র রমজান মাসের শেষ দিন।
কাউন্সিল আরও জানায়, অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি ও অস্ট্রেলিয়ার ফতোয়া কাউন্সিল যে মানদণ্ড অনুসরণ করে রমজানের শুরু ও শেষ, শাওয়ালের শুরু এবং ঈদুল ফিতরের দিন নির্ধারণ করেন, তা নির্ভর করে সূর্যাস্তের আগে সঠিক জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী নতুন চাঁদের জন্ম, সূর্যাস্তের পর সেটি কতক্ষণ দৃশ্যমান থাকে এবং অস্ট্রেলিয়া ও আশপাশের অঞ্চলে তা দেখা যাওয়ার সম্ভাবনার ওপর ভিত্তি করে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এই মানদণ্ড বিশ্বজুড়ে অনেক সম্মানিত বৈজ্ঞানিক ও ফিকহভিত্তিক কাউন্সিল এবং ইসলামিক সংস্থাও অনুসরণ করে।
এসএস/টিএ