© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ব্রাজিলে মিলল নতুন প্রজাতির বিশালাকার ডাইনোসরের জীবাশ্ম!

শেয়ার করুন:
ব্রাজিলে মিলল নতুন প্রজাতির বিশালাকার ডাইনোসরের জীবাশ্ম!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:২৭ পিএম | ১৪ মার্চ, ২০২৬
ব্রাজিলের বিজ্ঞানীরা 'ডাসোসরাস টোক্যান্টিনেনসিস' (Dasorausaurus tocantinensis) নামের এক নতুন প্রজাতির বিশালাকার ডাইনোসর শনাক্ত করেছেন, যা দেশটিতে এ পর্যন্ত পাওয়া সবচেয়ে বড় ডাইনোসরগুলোর একটি। চলতি মাসে 'জার্নাল অব সিস্টেম্যাটিক প্যালিওন্টোলজি'-তে প্রকাশিত এ আবিষ্কারটি প্রায় ১২ কোটি বছর আগে দক্ষিণ আমেরিকা, আফ্রিকা এবং ইউরোপের বেশ কিছু অংশ স্থলপথের মাধ্যমে একে অপরের সাথে যুক্ত থাকার ধারণাকে আরও সুদৃঢ় করেছে।

২০২১ সালে ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় মারানহাও রাজ্যের ডেভিনোপোলিসের কাছে একটি অবকাঠামোগত উন্নয়ন কাজের সাইট থেকে এ ডাইনোসরের জীবাশ্মগুলো আবিষ্কৃত হয়। সাও ফ্রান্সিসকো ভ্যালির ফেডারেল ইউনিভার্সিটির গবেষক এলভার মেয়ারের নেতৃত্বে এ গবেষণাটি পরিচালিত হয়। উদ্ধারকৃত জীবাশ্মের মধ্যে প্রায় ১.৫ মিটার (৫৯ ইঞ্চি) দীর্ঘ একটি ফিমার বা উরুর হাড় রয়েছে। এ বিশাল হাড়ের ওপর ভিত্তি করে গবেষকরা ধারণা করছেন, প্রাণীটি লম্বায় প্রায় ২০ মিটার ছিল। ডাইনোসরটি যে অঞ্চলে পাওয়া গেছে এবং এর কাছাকাছি অবস্থিত প্রধান জলপথ টোক্যান্টিনস নদীর নামানুসারে এর বিজ্ঞানসম্মত নামকরণ করা হয়েছে।

গবেষণায় অবদান রাখা ফেডারেল ইউনিভার্সিটি অব সান্তা মারিয়া (UFSM) এর জীবাশ্মবিদ লিওনার্দো কারবার জানান, খননকাজ যত এগোচ্ছিল, এই বিশাল ফিমারের প্রমাণ তাদের ততটাই অবাক করছিল। এটি যে অত্যন্ত বড় আকারের একটি ডাইনোসর ছিল, হাড়টি তারই স্পষ্ট ইঙ্গিত দেয়। তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে ডাসোসরাস ব্রাজিলে পাওয়া অন্যতম বৃহত্তম ডাইনোসর হিসেবে বৈজ্ঞানিক স্বীকৃতি পেয়েছে।

বিশ্ববিদ্যালয়টির বিশ্লেষণ অনুযায়ী, স্পেনে শনাক্ত হওয়া 'গারুম্বাটিটান মোরেলেনসিস' (Garumbatitan morellensis) নামক ডাইনোসরের সাথে এ প্রজাতির সবচেয়ে ঘনিষ্ঠ বংশগত সম্পর্ক রয়েছে। গবেষকদের মতে, এ ডাইনোসরদের পূর্বপুরুষরা মূলত ইউরোপীয় ছিল। আটলান্টিক মহাসাগর পুরোপুরি উন্মুক্ত হয়ে মহাদেশগুলোকে বিচ্ছিন্ন করার আগে, অর্থাৎ প্রায় ১৩ কোটি বছর আগে তারা সম্ভবত উত্তর আফ্রিকা হয়ে বর্তমান দক্ষিণ আমেরিকায় ছড়িয়ে পড়েছিল।

তথ্যসূত্র: রয়টার্স

পিআর/টিএ

মন্তব্য করুন