কাজ কম, নিরাপত্তারক্ষী বেশি, ঋদ্ধির মন্তব্যে নতুন বিতর্ক
ছবি: সংগৃহীত
১২:৪২ পিএম | ১৪ মার্চ, ২০২৬
অভিনেত্রী অনন্যা গুহ ও সুকান্ত কুণ্ডুর বিয়ের আয়োজন ঘিরে সামাজিক মাধ্যমে যে আলোচনা শুরু হয়েছে, তা নতুন মোড় পেল অভিনেতা ঋদ্ধি সেন–এর একটি মন্তব্যে। অনুষ্ঠানে সংবাদকর্মীদের সঙ্গে আচরণ এবং অতিরিক্ত নিরাপত্তা ঘিরে অভিযোগ সামনে আসার পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে প্রতিক্রিয়া জানান তিনি।
বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে অভিযোগ ওঠে, উপস্থিত আলোকচিত্রী ও সংবাদকর্মীদের চলাফেরার ওপর ছিল কড়া নজরদারি। এমনকি ব্যক্তিগত প্রয়োজনেও তাঁদের সঙ্গে নিরাপত্তারক্ষী রাখা হচ্ছিল বলে দাবি করেন কেউ কেউ। এই ঘটনার পর থেকেই নেটদুনিয়ায় শুরু হয় নানা প্রতিক্রিয়া।

সেই প্রেক্ষাপটেই ঋদ্ধি সেন লিখেছেন, বাংলায় প্রচলিত প্রবাদ ‘কথা কম, কাজ বেশি’ এখন যেন অন্য রূপ নিয়েছে। তাঁর কটাক্ষ, তারকাদের একাংশের ক্ষেত্রে যেন নতুন বাস্তবতা কাজ কম, নিরাপত্তারক্ষী বেশি। বক্তব্যের ভেতর দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন, কাজের চেয়ে বাহ্যিক উপস্থিতি ও আয়োজনের দিকে ঝোঁক যেন ক্রমশ বেশি দেখা যাচ্ছে।
পোস্টে আরও তীক্ষ্ণ ভাষায় তিনি উল্লেখ করেন, অনেক সময় প্রকৃত কাজের তুলনায় আড়ম্বরই বড় হয়ে ওঠে। ফাঁকা রাস্তা হোক, ব্যর্থ ছবির সাফল্য উদ্যাপন হোক কিংবা ব্যক্তিগত অনুষ্ঠানসব ক্ষেত্রেই একদল নিরাপত্তারক্ষীকে সঙ্গে রাখার প্রবণতা এখন যেন আলাদা পরিচয়ের অংশ হয়ে দাঁড়িয়েছে।
ঋদ্ধির এই বক্তব্য প্রকাশ্যে আসতেই তা দ্রুত ছড়িয়ে পড়ে। কেউ তাঁর বক্তব্যকে বাস্তব পরিস্থিতির প্রতিফলন বলে মনে করছেন, আবার কেউ বলছেন ভাষা কিছুটা কঠোর হয়েছে। তবে একথা স্পষ্ট, তাঁর মন্তব্য আবারও টলিপাড়ায় তারকাদের সামাজিক উপস্থিতি ও আচরণ নিয়ে নতুন বিতর্ক তৈরি করেছে।
ঋদ্ধি সেন বরাবরই নিজের মত প্রকাশে সরাসরি। সামাজিক ও সাংস্কৃতিক নানা প্রসঙ্গে আগেও তাঁর স্পষ্ট অবস্থান দেখা গেছে। এবারও ব্যতিক্রম হলো না। একটি ব্যক্তিগত অনুষ্ঠান ঘিরে ওঠা বিতর্ককে তিনি এমন ভাষায় ধরলেন, যা মুহূর্তেই আলোচনার কেন্দ্রে চলে এসেছে।
এদিকে অনন্যা ও সুকান্তর বিয়ে নিয়ে সামাজিক মাধ্যমে আগ্রহ কমেনি। ব্যক্তিগত আনন্দের মুহূর্তের পাশে যে নিরাপত্তা ও দূরত্বের এই ছবি উঠে এসেছে, সেটিই এখন আলোচনার মূল বিষয়।
পিআর/টিএ