© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আরব আমিরাতে মার্কিন সব আস্তানা গুঁড়িয়ে দেওয়ার হুমকি আইআরজিসির

শেয়ার করুন:
আরব আমিরাতে মার্কিন সব আস্তানা গুঁড়িয়ে দেওয়ার হুমকি আইআরজিসির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৫৩ পিএম | ১৪ মার্চ, ২০২৬
ইরানের খারগ দ্বীপে মার্কিন সামরিক বাহিনীর হামলার পর সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত যুক্তরাষ্ট্রের সব গোপন আস্তানাকে বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত করার হুমকি দিয়েছে ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। শনিবার আমিরাতকে সতর্ক করে দিয়ে আইআরজিসি বলেছে, দ্বীপে হামলার পর আমিরাতে গোপনীয় সব মার্কিন আস্তানা এখন আমাদের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, ইরানের জাতীয় সার্বভৌমত্ব এবং ভূখণ্ড রক্ষার বৈধ অধিকার হিসেবে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শহরে আশ্রয় নেওয়া মার্কিন শত্রু, তাদের ক্ষেপণাস্ত্রের উৎসস্থল, ব্যবহার করা বন্দর ও ডক এবং মার্কিন সৈন্যদের আস্তানাগুলোকে লক্ষ্যবস্তু করবে আইআরজিসি।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজে প্রকাশিত বিবৃতিতে সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দাদেরও সতর্ক করে দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। একই সঙ্গে আমিরাতের জনবহুল সব এলাকায় সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে বন্দর, ডক এবং মার্কিন সামরিক স্থাপনা থেকে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার জন্য বাসিন্দাদের আহ্বান জানিয়েছে আইআরজিসি।

বিবৃতিতে ইরানের সামরিক বাহিনী বলেছে, সংযুক্ত আরব আমিরাতের বন্দরগুলোকে ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে বিবেচনা করছে তেহরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ওই বিবৃতিতে আমিরাতের স্থানীয় বাসিন্দাদের ওইসব এলাকা এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে বেসামরিক নাগরিকদের অতি দ্রুত আমিরাতের বন্দর এলাকাগুলো খালি করে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য অনুরোধ জানিয়েছে আইআরজিসি।

সূত্র: এএফপি

এমআর/টিকে 

মন্তব্য করুন