মোজতবা খামেনির তথ্যের জন্য কোটি ডলারের পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ছবি: সংগৃহীত
০৮:০৬ পিএম | ১৪ মার্চ, ২০২৬
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির বিষয়ে তথ্যদাতাকে এক কোটি মার্কিন ডলার পুরস্কারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
স্থানীয় সময় শুক্রবার (১৩ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।
মোজতবা খামেনিসহ ইরানের নিরাপত্তা ও গোয়েন্দা কাঠামোর আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তাকেও এই তালিকায় রাখা হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দফতরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস প্রোগ্রাম’ থেকে শুক্রবার এ ঘোষণা দেয়া হয়। প্রকল্পটি ‘ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিস’ পরিচালনা করে।
বিবৃতিতে বলা হয়, ‘এই ব্যক্তিরা ইরানের ইসলামি বিপ্লবী গার্ডের বিভিন্ন অংশের নেতৃত্ব দেন ও পরিচালনা করেন; যারা বিশ্বজুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা, সংগঠন এবং বাস্তবায়ন করেন।’
যুক্তরাষ্ট্রের অভিযোগ, এসব ব্যক্তি আইআরজিসি'র কার্যক্রমের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত এবং আঞ্চলিক নিরাপত্তা হুমকির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। উদ্যোগটি ওয়াশিংটনের রিওয়ার্ড ফর জাস্টিস কর্মসূচির অংশ, যার মাধ্যমে সন্ত্রাসবাদ বা নিরাপত্তা ঝুঁকির সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়।
বিবৃতিতে আয়াতুল্লাহ মোজতবা খামেনিসহ কয়েকজন নেতার ছবি প্রকাশ করা হয়। বলা হয়, এই নেতাদের বা আইআরজিসির অন্য গুরুত্বপূর্ণ নেতাদের বিষয়ে তথ্য দিলে তথ্যদানকারী পুনর্বাসনের সুযোগ পাবেন এবং আর্থিক পুরস্কারও পেতে পারেন।
সূত্র: ইরান ইন্টারন্যাশনাল, এনডিটিভি
এমআর/টিকে