জরুরি পরিস্থিতির জন্য নতুন সতর্কবার্তা সৌদির
ছবি: সংগৃহীত
০৯:২১ পিএম | ১৪ মার্চ, ২০২৬
জরুরি পরিস্থিতির জন্য নতুন বার্তা দিয়েছে সৌদি আরবের সিভিল ডিফেন্স। তারা জানিয়েছে, রিয়াদের অধীন আল-খারজ এলাকায় জরুরি পরিস্থিতির জন্য আগাম সতর্কতামূলক সাইরেন ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।
কর্তৃপক্ষ জানায়, বাসিন্দাদের নিরাপদে থাকার জন্য প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে আশ্রয়কেন্দ্র বা ঘরের ভেতরে অবস্থান করতে, দরজা-জানালা বন্ধ রাখতে এবং রেডিও ও টেলিভিশনের মাধ্যমে সিভিল ডিফেন্সের নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।
সতর্কবার্তাটি বিশেষ ধরনের সাইরেনের মাধ্যমে রাস্তাঘাট, জনসমাগমস্থল এবং ভবনের ভেতরে সম্প্রচার করা হয় বলে জানানো হয়েছে।
সম্প্রতি আল-খারজ এলাকায় একাধিক শত্রুপক্ষের ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার ঘটনা ঘটেছে। উপসাগরীয় বিভিন্ন দেশ ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার হুমকির মুখে থাকলেও অধিকাংশ হামলাই তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
শনিবার এক বিবৃতিতে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, আল-খারজ গভার্নরেটের দিকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই প্রতিহত করে ধ্বংস করা হয়েছে।
সূত্র: আল-আরাবিয়া
এমআর/টিকে