ভোটের আগে পশ্চিমবঙ্গে কড়া বার্তা নরেন্দ্র মোদির
ছবি: সংগৃহীত
০৯:২৪ পিএম | ১৪ মার্চ, ২০২৬
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কলকাতার ব্রিগেড ময়দানে দলীয় সমাবেশে কড়া বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, পশ্চিমবঙ্গে শিগগিরই আইনের শাসন প্রতিষ্ঠা হবে এবং যারা আইন ভাঙবে বা অত্যাচার করবে তাদের ‘বেছে বেছে হিসাব’ নেওয়া হবে। তৃণমূল কংগ্রেসের কোনো অত্যাচারীকে রেয়াত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
শনিবার অনুষ্ঠিত এ সমাবেশে প্রধানমন্ত্রী রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে দুর্নীতি, বেকারত্ব, কমিশন-বাণিজ্য, তোলাবাজি, নারী নিরাপত্তা সংকট, শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থার অবনতি এবং কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে বাধা দেওয়ার অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গে ‘মহা-জঙ্গলরাজ’ চলছে এবং এর অবসান ঘটাতে পরিবর্তন জরুরি।
মোদির ভাষায়, বাংলার মানুষ এখন পরিবর্তন চাইছে। “খুব বেশি দূরে নয় সেই দিন, যখন পশ্চিমবঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে,” বলেন তিনি।এ সময় রাজ্যের জনগণকে ভারতীয় জনতা পার্টি-কে সমর্থন দেওয়ার আহ্বান জানান।
বাংলার ভোটারদের মন জয় করতে তিনি বক্তব্যের শুরুতেই বাংলা ভাষায় কথা বলেন। প্রধানমন্ত্রী দাবি করেন, একসময় ব্যবসা-বাণিজ্যে অগ্রগামী ছিল পশ্চিমবঙ্গ, কিন্তু এখন যুবসমাজ কর্মসংস্থানের অভাবে অন্য রাজ্যে যেতে বাধ্য হচ্ছে। নারীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “বিজেপি সরকার এলে মহিলারা নিরাপদ থাকবে, অপরাধীরা থাকবে কারাগারে-এটাই মোদির গ্যারান্টি।”
এমআর/টিকে