ইরানের নেতৃত্ব দিতে আমি প্রস্তুত : রেজা পাহলভি
ছবি: সংগৃহীত
১০:১৮ পিএম | ১৪ মার্চ, ২০২৬
ইরানের সর্বশেষ শাহ মোহাম্মদ রেজা পাহলভির নির্বাসিত পুত্র রেজা পাহলভি বলেছেন, ‘ইরানে ইসলামী প্রজাতন্ত্র সরকার পতন হলে আমি দেশের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনার জন্য প্রস্তুত আছি।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় যুক্তরাষ্ট্রে অবস্থানরত রেজা পাহলভি জানান, তিনি ইতোমধ্যে ইরানের ভেতরে ও বাইরে থাকা বিভিন্ন ব্যক্তিকে নিয়ে একটি ‘ট্রানজিশনাল সিস্টেম’ (অন্তর্বর্তী কাঠামো) গঠনের কাজ করছেন।
তিনি বলেন, ইসলামী প্রজাতন্ত্র সরকার পতনের সঙ্গে সঙ্গেই তার নেতৃত্বে এই অন্তর্বর্তী ব্যবস্থা দেশের শাসনভার গ্রহণ করতে প্রস্তুত থাকবে।
রেজা পাহলভি আরো জানান, যুক্তরাষ্ট্রভিত্তিক থিংকট্যাংক গণতন্ত্র রক্ষা ফাউন্ডেশনের জ্যেষ্ঠ ইরান ও আর্থিক অর্থনীতি বিষয়ক উপদেষ্টা সাঈদ ঘাসেমিনেজাদ এই অন্তর্বর্তী কাঠামোর সদস্য নির্বাচন প্রক্রিয়ার নেতৃত্ব দিচ্ছেন।
তার ভাষায়, দেশের ভেতরে ও বাইরে থাকা দক্ষ ব্যক্তিদের চিহ্নিত ও মূল্যায়ন করা হয়েছে, যারা ট্রানজিশনাল সিস্টেমের বিভিন্ন বিভাগ পরিচালনা করতে পারবেন।
রেজা পাহলভি বলেন, ‘আমার নেতৃত্বে ট্রানজিশনাল সিস্টেম ইসলামিক রিপাবলিক পতনের সঙ্গে সঙ্গেই দেশের শাসনভার গ্রহণ করতে প্রস্তুত থাকবে এবং খুব অল্প সময়ের মধ্যেই শৃঙ্খলা, নিরাপত্তা, স্বাধীনতা ও সমৃদ্ধির পরিবেশ প্রতিষ্ঠা করবে।’
উল্লেখ্য, ১৯৭৯ সালের ইরানে অভ্যুত্থানের মাধ্যমে পাহলভি রাজতন্ত্রের পতন হয় এবং ইরানে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বিদেশে অবস্থান করেও রেজা পাহলভি ইরানের বিরোধী রাজনীতির অন্যতম পরিচিত মুখ।
সাম্প্রতিক সরকারবিরোধী আন্দোলনের সময় কিছু বিক্ষোভকারী আবারও রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিও তুলেছেন।
এমআর/টিকে