ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর জালে ধরা ৮১ গুপ্তচর
ছবি: সংগৃহীত
০২:৩৭ এএম | ১৫ মার্চ, ২০২৬
গোপন তথ্য পাচারের অভিযোগে উত্তাল ইরান! সামরিক ও নিরাপত্তা স্থাপনার ছবি ও স্পর্শকাতর তথ্য 'শত্রু' শিবিরে পাঠানোর অভিযোগে দেশজুড়ে চলছে সাঁড়াশি অভিযান। তেহরান থেকে হামাদান—বিপ্লবী গার্ড বাহিনীর জালে একে একে ধরা পড়ছে কয়েক ডজন ব্যক্তি। অভ্যন্তরীণ তথ্য ভাগ করে নেওয়ার এই চরম খেসারত দিতে হচ্ছে ৮১ জনকে। দেশটির সরকারি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) গোয়েন্দা সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, তারা রাজধানী তেহরান থেকে ২৫ জন এবং পশ্চিমাঞ্চলীয় শহর হামাদান থেকে আরও আটজনকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা ইরানের অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক ও নিরাপত্তা স্থাপনার ছবি এবং স্পর্শকাতর তথ্য সংগ্রহ করে শত্রু শিবিরে পাঠাচ্ছিল।
ইরানের পুলিশ প্রধান আহমেদরেজা রাদান আন্তর্জাতিক সংবাদমাধ্যম প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই অভিযানের ভয়াবহতা তুলে ধরেন। তিনি জানান, শত্রুদের মিডিয়া এবং বহিঃশক্তির সাথে ইরানের অভ্যন্তরীণ ও গোপনীয় তথ্য ভাগ করে নেওয়ার অভিযোগে এই সপ্তাহে এখন পর্যন্ত অন্তত ৮১ জনকে আটক করা হয়েছে।
ইরান সরকার সাধারণত ‘শত্রু’ বলতে ইসরায়েল বা মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোকে ইঙ্গিত করে থাকে, তবে এই অভিযানে নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি। গত কয়েক বছরে ইরানের পারমাণবিক কর্মসূচি ও সামরিক স্থাপনায় বেশ কিছু রহস্যময় হামলার পর দেশটির গোয়েন্দা সংস্থাগুলো তাদের নজরদারি বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এই গণগ্রেপ্তারকে তারই একটি অংশ হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
টিজে/টিএ