এবার পর্দায় শ্যামৌপ্তি-ঐন্দ্রিলা-ঐশ্বর্যার নতুন সমীকরণ
ছবি: সংগৃহীত
১০:০১ এএম | ১৫ মার্চ, ২০২৬
ছোটপর্দার ব্যস্ত সময়সূচির মাঝেই এবার নতুন এক উদ্যোগে একসঙ্গে এলেন তিন জনপ্রিয় অভিনেত্রী শ্যামৌপ্তি মুডলী, ঐন্দ্রিলা বসু এবং ঐশ্বর্যা সেন। দীর্ঘদিনের বন্ধুত্বকে সৃজনশীল রূপ দিতে তিনজন মিলে নির্মাণ করেছেন একটি নতুন স্বল্পদৈর্ঘ্যের ধারাবাহিক, যার নাম ফেয়ারির খেল।
স্টুডিয়োপাড়ায় অভিনেত্রীদের বন্ধুত্ব নিয়ে নানা প্রচলিত ধারণা থাকলেও এই তিন তারকার সম্পর্ক সেই ধারণাকে নতুন করে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। ধারাবাহিকের সেটে পরিচয়, তারপর ধীরে ধীরে কাজের বাইরেও ঘনিষ্ঠতা এই পথ ধরেই তৈরি হয়েছে তাদের বন্ধন। একসময় একসঙ্গে কাজ করতে করতেই বন্ধুত্বের শুরু, পরে তা পারিবারিক সম্পর্কেও পৌঁছায়।
ঐন্দ্রিলা জানিয়েছেন, ঐশ্বর্যার সঙ্গে একটি ধারাবাহিকে কাজ করার সময় থেকেই তাদের বন্ধুত্বের শুরু। পরে শ্যামৌপ্তির সঙ্গে পরিচয়ও হয় শুটিং সেটেই। সময়ের সঙ্গে সেই সম্পর্ক আরও গভীর হয়েছে। তিনজনেরই মনে হয়েছে, এত দিনের বোঝাপড়া যদি পর্দার বাইরে এত দৃঢ় হয়, তবে একসঙ্গে নতুন কিছু তৈরি করাও সম্ভব।

সেই ভাবনা থেকেই তৈরি হয়েছে ‘ফেয়ারির খেল’। এই সিরিজে শুধু অভিনয়ই নয়, প্রযোজনার দায়িত্বও নিজেরাই সামলাচ্ছেন তিন অভিনেত্রী। নিজেদের ভাবনা, পছন্দ আর অভিজ্ঞতা মিলিয়ে একেবারে নিজস্বভাবে নির্মাণ করা হয়েছে এই কাজ। স্বল্পদৈর্ঘ্যের এই সিরিজটি মুক্তি পাবে ইউটিউব-এ।
ঐন্দ্রিলার কথায়, দর্শক এত দিন তাদের আলাদা আলাদা কিংবা ধারাবাহিকে একসঙ্গে দেখেছেন, কিন্তু এই নতুন আঙ্গিকে কেমন গ্রহণ করবেন, তা জানার অপেক্ষাতেই রয়েছেন তারা। নতুন কাজটি নিয়ে তিনজনের মধ্যেই রয়েছে আলাদা উত্তেজনা।
বর্তমানে ঐন্দ্রিলা ব্যস্ত নতুন ধারাবাহিক সাত পাকে বাঁধা-র শুটিংয়ে। অন্যদিকে শ্যামৌপ্তি ও ঐশ্বর্যা বড়পর্দার কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন। টেলিভিশনের পরিচিত মুখ হয়েও নতুন মাধ্যমে নিজেদের উপস্থিতি জানান দিতে তিনজনের এই যৌথ প্রয়াস এখন দর্শকমহলে কৌতূহলের কেন্দ্রবিন্দুতে।
পিআরি/টিকে