আমিরের ৬২তম জন্মদিনে নেই কোনো আয়োজন
ছবি: সংগৃহীত
১০:৪৫ এএম | ১৫ মার্চ, ২০২৬
জন্মদিন মানেই সাধারণত আলো, শুভেচ্ছা আর ঘনিষ্ঠদের ভিড়ে বিশেষ আয়োজন। কিন্তু এ বছর সেই চেনা ছবির বাইরে থাকলেন আমির খান। ১৪ মার্চ ৬২ বছরে পা দিলেও দিনটি নিয়ে প্রকাশ্যে কোনও আলাদা আয়োজন দেখা গেল না। বরং পুরো সময়টাই তিনি কাটালেন কাজের মধ্যে, আর সেটাই এখন তাঁর সবচেয়ে বড় মনোযোগের জায়গা।
গত বছর জন্মদিন ছিল একেবারেই অন্যরকম। ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায় তখন নিজেই সামনে এনেছিলেন আমির। সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন তাঁর জীবনের নতুন মানুষ গৌরী স্প্র্যাট-কে। দীর্ঘ সময় পর আবার প্রেমে ফেরার কথা জানিয়ে সেই দিনটি করেছিলেন স্মরণীয়। ফলে এবারের জন্মদিন ঘিরেও কৌতূহল ছিল যথেষ্ট।

কিন্তু এবার আলোচনার কেন্দ্র হয়ে উঠেছে তাঁর অনুপস্থিতিই। জানা গেছে, এই মুহূর্তে ছেলের নতুন ছবি এক দিন-এর পরবর্তী নির্মাণপর্ব নিয়েই ব্যস্ত রয়েছেন তিনি। ছবিতে অভিনয় করছেন জুনেইদ খান এবং সাই পল্লবী। মুক্তির আগে কোনও খুঁটিনাটি যেন বাদ না পড়ে, সে দিকে ব্যক্তিগতভাবে নজর রাখছেন আমির।
ঘনিষ্ঠ মহলের দাবি, প্রযোজক হিসেবে কাজের শেষ পর্যায়ে এসে আমির সবচেয়ে বেশি সময় দেন। ছবির কাজ শেষ না হওয়া পর্যন্ত অন্য কোনও দিকে মন দিতে চান না তিনি। সেই কারণেই জন্মদিনের আনুষ্ঠানিকতা এ বছর প্রায় পুরোপুরি এড়িয়ে গেছেন।
তবে জন্মদিনের আগের দিন কিছু সামাজিক উপস্থিতি ছিল। প্রবীণ অভিনেত্রী সায়রা বানু-র সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। পাশাপাশি মুম্বই-এ একটি অনুষ্ঠানে অংশও নেন। কিন্তু জন্মদিনের সকাল থেকেই আবার কাজে ফিরে যান।
ব্যক্তিগত সম্পর্কের জায়গা থেকেও শুভেচ্ছা এসেছে। প্রাক্তন স্ত্রী কিরণ রাও শুভেচ্ছা জানিয়েছেন, আর মেয়ে আইরা খান সমাজমাধ্যমে বাবাকে ঘিরে বার্তা দিয়েছেন।
জন্মদিনে প্রকাশ্য উৎসব না থাকলেও, কাজকেই যে তিনি সবচেয়ে বড় অগ্রাধিকার দিয়েছেন, তা আবারও স্পষ্ট হয়ে উঠল।
পিআরি/টিকে