ইরানের সংবাদ প্রকাশ ইস্যুতে / গণমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের
ছবি: সংগৃহীত
১০:৪৮ এএম | ১৫ মার্চ, ২০২৬
ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ নিয়ে সমালোচনামূলক সংবাদ প্রকাশ করলে সম্প্রচারমাধ্যমের লাইসেন্স বাতিল হতে পারে বলে সতর্ক করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।
যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি) চেয়ারম্যান ব্রেন্ডন কার স্থানীয় সময় শনিবার (১৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, সম্প্রচারমাধ্যমগুলোকে অবশ্যই ‘জনস্বার্থে’ কাজ করতে হবে, নইলে তাদের লাইসেন্স নবায়ন ঝুঁকিতে পড়তে পারে।
ব্রেন্ডন কার বলেন, যেসব সম্প্রচারমাধ্যম ভুয়া খবর বা তথ্য বিকৃত করে প্রচার করছে, তাদের লাইসেন্স নবায়নের আগে নিজেদের পথ ঠিক করার সুযোগ রয়েছে।
কারের এই বক্তব্যকে সংবাদমাধ্যমের ওপর চাপ প্রয়োগের প্রচেষ্টা হিসেবে দেখছেন অনেক রাজনীতিবিদ ও মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে কাজ করা সংগঠনগুলো।
হাওয়াই অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট সিনেটর ব্রায়ান শ্যাটজ বলেন, এটি মূলত নির্দেশনা- যুদ্ধে ইতিবাচক সংবাদ প্রচার করুন, নইলে লাইসেন্স নবায়ন নাও হতে পারে।
ফাউন্ডেশন ফর ইনডিভিজুয়াল রাইটস অ্যান্ড এক্সপ্রেশন (এফআইআরই)- এর জনঅধিকার বিষয়ক পরিচালক অ্যারন টের বলেন, প্রথম সংশোধনী সরকারকে যুদ্ধ সংক্রান্ত তথ্য সেন্সর করার অনুমতি দেয় না।
এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ করেন, কিছু সংবাদমাধ্যম ইরানের হামলায় সৌদি আরবে অবস্থানরত মার্কিন বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ভুল তথ্য প্রচার করছে।
ট্রাম্প দাবি করেন, ওই ঘাঁটিতে হামলা হলেও বিমানগুলো ধ্বংস হয়নি এবং বেশিরভাগই ইতোমধ্যে আবার কাজে ফিরেছে।
ট্রাম্প আরও বলেন, কিছু সংবাদমাধ্যম চায় আমরা যুদ্ধে হেরে যাই।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর হামলা শুরু করার পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে। সাম্প্রতিক জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে এই যুদ্ধ নিয়ে জনমত বিভক্ত এবং অনেক ভোটারই এর বিরোধিতা করছেন।
এসকে/টিকে