৩৩ বছর বয়সে আর্থিক সাফল্যে রণবীরকে ছাড়ালেন আলিয়া
ছবি: সংগৃহীত
১১:৪৫ এএম | ১৫ মার্চ, ২০২৬
বলিউডে নিজের জায়গা তৈরি করতে খুব বেশি সময় নেননি আলিয়া ভট্ট। অল্প সময়ের মধ্যেই অভিনয়, ব্যবসা, বিজ্ঞাপন এবং প্রযোজনার বিস্তৃত পরিসরে নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত করেছেন যে আর্থিক সাফল্যের নিরিখে তিনি এখন এগিয়ে রয়েছেন স্বামী রণবীর কাপুর-এর থেকেও।
দুই হাজার বারো সালে করণ জোহর-র হাত ধরে স্টুডেন্ট অব দ্য ইয়ার দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু করেন আলিয়া। প্রথম ছবির পর থেকেই ধীরে ধীরে নিজেকে প্রমাণ করেছেন ভিন্নধর্মী চরিত্রে। হাইওয়ে, রাজি এবং গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি-র মতো ছবিতে তাঁর অভিনয় শুধু প্রশংসাই পায়নি, বাজারমূল্যও বাড়িয়েছে দ্রুত।
অন্যদিকে রণবীরের যাত্রা শুরু আরও আগে, দুই হাজার সাত সালে। দীর্ঘদিন ধরে বড় তারকা হয়েও তিনি কাজ বেছে করেন, আর ব্যক্তিগতভাবে খুব বেশি বাণিজ্যিক প্রচারে যুক্ত নন। সেখানেই আলিয়ার পথ আলাদা। অভিনয়ের পাশাপাশি তিনি নিয়মিতভাবে ব্যবসা ও ব্র্যান্ড জগতে সক্রিয় থেকেছেন।

নিজের উপার্জনে প্রথম বড় সম্পত্তি কেনেন দুই হাজার আঠারোয়। কোভেন্ট গার্ডেন-এ কেনা বাড়িটি তাঁর আন্তর্জাতিক বিনিয়োগের প্রথম বড় উদাহরণ। পরে জুহু এবং বান্দ্রা-তেও একাধিক সম্পত্তি কেনেন। পালি হিল এলাকার যে বহুতলে আলিয়া ও রণবীর একসঙ্গে থাকতে শুরু করেন, সেখানেই তাদের বিয়েও হয়।
অভিনয়ের বাইরে আলিয়ার বড় শক্তি তাঁর ব্যবসায়িক পরিকল্পনা। দুই হাজার কুড়িতে নিজের পোশাক সংস্থা চালু করেন তিনি, যার বাজারমূল্য এখন উল্লেখযোগ্য উচ্চতায় পৌঁছেছে। পাশাপাশি রয়েছে নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান, যার মাধ্যমে নতুন কাজেও বিনিয়োগ করছেন।
একটি ছবির জন্য তাঁর পারিশ্রমিক এখন প্রায় পনেরো কোটি টাকার ঘরে। বিজ্ঞাপনের ক্ষেত্রেও তিনি অন্যতম চাহিদাসম্পন্ন মুখ। দেশি-বিদেশি বহু প্রতিষ্ঠানের প্রচারে যুক্ত থাকায় এখান থেকেও আসে বড় অঙ্কের আয়।
সব মিলিয়ে সাম্প্রতিক হিসাব অনুযায়ী আলিয়ার মোট সম্পদের পরিমাণ প্রায় পাঁচশ পঞ্চাশ কোটি টাকার কাছাকাছি। অন্যদিকে রণবীরের সম্পদের পরিমাণ প্রায় তিনশ পঁয়তাল্লিশ কোটি টাকা বলে আলোচনায় এসেছে। অর্থাৎ কর্মজীবন শুরু পরে হলেও আর্থিক বিস্তারে আলিয়া এখন অনেকটাই এগিয়ে।
তেত্রিশে পা দেওয়া এই সময়ে আলিয়ার সাফল্য তাই শুধু অভিনয়ে সীমাবদ্ধ নয়, বরং বলিউডে নতুন প্রজন্মের সবচেয়ে শক্তিশালী আর্থিক অবস্থানের উদাহরণ হিসেবেও দেখা হচ্ছে।
পিআরি/টিকে