© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানের হামলায় বন্ধ হয়ে গেল ইসরায়েলের সর্ববৃহৎ বিমানবন্দর

শেয়ার করুন:
ইরানের হামলায় বন্ধ হয়ে গেল ইসরায়েলের সর্ববৃহৎ বিমানবন্দর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৪৪ পিএম | ১৫ মার্চ, ২০২৬
ইরানে সাথে চলমান সংঘাতের ১৬তম দিনে এসে ভয়াবহ পরিস্থিতির মুখে পড়েছে ইসরায়েল। দেশটির রাজধানী তেল আবিব শহরজুড়ে পর পর পাঁচটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনার পর দেশটির সর্ববৃহৎ বিমানবন্দর ‘বেন গুরিয়ন’ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। 

রোববার (১৫ মার্চ) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম রয়া নিউজ। আকাশপথে বড় ধরনের হামলার আশঙ্কায় কর্তৃপক্ষ এই জরুরি পদক্ষেপ গ্রহণ করেছে। 

তেল আবিবে হওয়া এই প্রচণ্ড বিস্ফোরণে পুরো শহর কেঁপে ওঠে এবং ভবনগুলোতে কম্পন অনুভূত হয়। হঠাৎ এমন পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিস্ফোরণের পরপরই নিরাপত্তা নিশ্চিত করতে বিমানবন্দর থেকে সকল ফ্লাইট চলাচল স্থগিত করা হয় এবং আকাশসীমা নিয়ন্ত্রণে বিশেষ সতর্কতা জারি করা হয়।

কেবল রাজধানী নয়, ইসরায়েলের উত্তর সীমান্ত অঞ্চলেও হামলার তীব্রতা বেড়েছে। ইসরায়েলি চ্যানেল ১২ জানিয়েছে, উত্তর ইসরায়েলের মেতুলা শহরেও তিনটি রকেট নিক্ষেপ করা হয়েছে। এ ছাড়া ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, উত্তর ইসরায়েলের উচ্চ গ্যালিলির আভিভিম এলাকায় বিমান হামলার সাইরেন বেজে উঠেছে, যা বড় ধরনের আকাশপথের আক্রমণের ইঙ্গিত দিচ্ছে।

বর্তমানে ইসরায়েলের আকাশজুড়ে এক অস্থির পরিস্থিতি বিরাজ করছে। ইরান ও হিজবুল্লাহর পক্ষ থেকে একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার কারণে দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা ‘আইরন ডোম’ এবং ‘অ্যারো’ সিস্টেমকে ক্রমাগত ব্যস্ত থাকতে হচ্ছে। তেল আবিবের মতো সুরক্ষিত শহরে পাঁচটি বিস্ফোরণ ঘটার ঘটনা ইসরায়েলের নিরাপত্তা বেষ্টনীতে বড় ধরনের ফাটল হিসেবে দেখছেন সামরিক বিশ্লেষকরা।

এদিকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার তীব্র ঘাটতি দেখা দিয়েছে বলে বিভিন্ন সংবাদ প্রতিবেদনে দাবি করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম ‘সেমাফোর’ জানিয়েছে, যুক্তরাষ্ট্রকে সতর্ক করে ইসরায়েল ইতিমধ্যে জানিয়েছে যে তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার (ইন্টারসেপ্টর) তীব্র সংকট অনুভব করছে। ইরান ও লেবাননের সঙ্গে একযোগে যুদ্ধ চলায় এই গোলাবারুদের মজুত দ্রুত ফুরিয়ে আসছে।

এমআর/টিকে 

মন্তব্য করুন