© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মৃত্যুর গুঞ্জনের মধ্যে কী জানাল নেতানিয়াহুর অফিস?

শেয়ার করুন:
মৃত্যুর গুঞ্জনের মধ্যে কী জানাল নেতানিয়াহুর অফিস?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৩৪ পিএম | ১৫ মার্চ, ২০২৬
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের হামলায় নিহত হয়েছেন-সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবিকে ‘ভুয়া খবর’ বলে দাবি করেছে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়। 

তুর্কি সংবা সংস্থা আনাদোলু এজেন্সির একজন সাংবাদিক যখন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ‘নেতানিয়াহু নিহত’ হওয়ার দাবির বিষয়ে প্রশ্ন করেন, তখন ইসরাইলের প্রধানমন্ত্রীর দফতর জানায়, ‘এগুলো ভুয়া খবর। প্রধানমন্ত্রী ভালো আছেন।’

তবে নেতানিয়াহু ভালো আছেন এমন কোনো প্রমাণ দেয়নি তার কার্যালয়। ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর গত ৩ মার্চ সবশেষ নেতানিয়াহুকে জনসমক্ষে দেখা গিয়েছিল।

শনিবার (১৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থান নিয়ে নানা প্রশ্ন উঠেছে। ব্যবহারকারীরা শুক্রবারের (১৩ মার্চ) সর্বশেষ ভিডিওতে নেতানিয়াহুর একটি বিশেষ অসংগতি লক্ষ করেন। ভিডিওতে নেতানিয়াহুর এক হাতে ছয়টি আঙুল আছে বলে মনে হচ্ছে। বিষয়টি ভিডিওটি এআই দিয়ে তৈরি করার সন্দেহ আরও বাড়িয়ে তুলেছে।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও শেয়ার করেন নেতানিয়াহু। ভিডিওতে তিনি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধ নিয়ে বক্তব্য দিচ্ছিলেন, যা বর্তমানে পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারীরা দাবি করেন, নেতানিয়াহুর ওই ভিডিও বক্তব্যে তার ডান হাতে ছয়টি আঙুল দেখা যাচ্ছে। ‘ক্ল্যাসিক এআই ফিঙ্গার গ্লিচ’ লিখে পোস্ট করা এই ভিডিওগুলো লাখ লাখ মানুষ দেখছেন। অনেক ব্যবহারকারী দাবি করছেন, তিনি আসলে মারা গেছেন।

যদিও এক্সের এআই চ্যাটবট ‘গ্রোক’ ফ্যাক্ট চেক করে এসব মন্তব্যকে ভুয়া বলে উল্লেখ করেছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা শুরু করার পর থেকে আঞ্চলিক উত্তেজনা আরও তীব্র হয়ে উঠেছে।

এরইমধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি সহ ১ হাজার ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।

অন্যদিকে ইসরাইলের পাশাপাশি জর্ডান, ইরাক এবং উপসাগরীয় দেশগুলোতে মার্কিন স্থাপনা লক্ষ্য করে টানা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে ইরানের সশস্ত্র বাহিনী।

সূত্র: আনাদোলু, এনডিটিভি

এমআর/টিকে 

মন্তব্য করুন