বিজয়ের সঙ্গে অভিনয়ে আপত্তি ছিল পরিবারের, কীভাবে রাজি করান রাশমিকা?
ছবি: সংগৃহীত
০১:৪০ পিএম | ১৫ মার্চ, ২০২৬
দীর্ঘ আট বছরের সম্পর্কের পর সম্প্রতি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন রাশমিকা মান্দানা এবং বিজয় দেবরাকোন্ডা। রাজকীয় আয়োজনের মধ্যে উদয়পুর-এ সম্পন্ন হয়েছে তাদের বিয়ে, আর সেই ছবি ঘিরে এখনও সরগরম অনুরাগীদের আলোচনা। তবে এই সম্পর্কের পথ যে শুরু থেকেই একেবারে সহজ ছিল না, তা এবার নিজেই জানিয়েছেন রাশমিকা
অভিনেত্রীর কথায়, প্রথম ছবির সাফল্যের পর বিজয়ের সঙ্গে দ্বিতীয়বার কাজ করতে চেয়েছিলেন তিনি, কিন্তু সেখানেই আপত্তি আসে পরিবার থেকে। তাদের আশঙ্কা ছিল, চলচ্চিত্রজগত মেয়েদের জন্য নিরাপদ নয়, তাই প্রথম সাফল্যের পরেই থেমে যাওয়াই ভালো। বিশেষ করে একই অভিনেতার সঙ্গে আবার কাজ করার সিদ্ধান্ত পরিবার সহজভাবে নেয়নি।

রাশমিকা জানিয়েছেন, দুই হাজার আঠারোয় গীত গোবিন্দম বিপুল সাফল্য পাওয়ার পর যখন ভারত কাম্মা তাঁকে ডিয়ার কমরেড-এর চিত্রনাট্য পাঠান, তখন তিনি চরিত্রটি করতে প্রবল আগ্রহী হয়ে ওঠেন। কিন্তু পরিবার স্পষ্ট জানিয়ে দেয়, বিজয়ের সঙ্গে আর কাজ না করাই ভালো।
সেই সময় রাশমিকাকে নিজের অবস্থান বোঝাতে যথেষ্ট লড়াই করতে হয়েছে। তিনি পরিবারকে বুঝিয়েছিলেন, বিষয়টি কোনও নির্দিষ্ট সহ-অভিনেতাকে ঘিরে নয়, বরং অভিনয়ের প্রতি তাঁর নিজের ভালোবাসা এবং সফল অভিনেত্রী হওয়ার স্বপ্নের সঙ্গে জড়িত। বিশেষ করে ‘লিলি’ চরিত্রটি করার ইচ্ছা থেকেই তিনি সিদ্ধান্তে অনড় থাকেন।
পরে ছবিটি মুক্তির পর শুধু অভিনয় নয়, পর্দার ঘনিষ্ঠ দৃশ্য নিয়েও ব্যাপক আলোচনা হয়। সেই সময় ব্যক্তিগত জীবনেও তার প্রভাব পড়েছিল বলে আলোচনায় এসেছিল। তবু দুই ছবির পর দীর্ঘ বিরতি তৈরি হয় তাদের যৌথ উপস্থিতিতে।
এবার বহু বছর পর আবার নতুন ছবিতে একসঙ্গে দেখা যাবে এই জুটিকে। শোনা যাচ্ছে, রাণাবলী-তে আবারও পর্দা ভাগ করবেন তারা।
এখন ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায় শুরু করেছেন রাশমিকা ও বিজয়। তেলুগু এবং কোডাভা রীতিতে বিয়ে সম্পন্ন করে নতুন সংসার শুরু করা এই জুটিকে ঘিরে অনুরাগীদের আগ্রহও তুঙ্গে।
পিআরি/টিকে