যে কোনও মুহূর্তে খুন হতে পারেন বাদশা!
ছবি: সংগৃহীত
০১:৪৭ পিএম | ১৫ মার্চ, ২০২৬
নতুন গান ‘টাটিরি’ নিয়ে আইনি জটিলতার রেশ কাটতে না কাটতেই এবার প্রাণনাশের হুমকির মুখে পড়েছেন ভারতীয় র্যাপার বাদশা। কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের পক্ষ থেকে তাকে সরাসরি গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে। হরিয়ানার সংস্কৃতিকে অপমান করার অভিযোগে সামাজিক মাধ্যমে এই হুঁশিয়ারি দিয়েছে গ্যাংটি, যা ভারতের বিনোদন জগতে নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে।
বিষ্ণোই গ্যাংয়ের পক্ষ থেকে দেওয়া বার্তায় বলা হয়েছে, র্যাপার বাদশা, তুই হরিয়ানার সংস্কৃতিকে কালিমালিপ্ত করেছিস। ২০২৪ সালে একটি ট্রেলার দেখিয়েছিলাম, এবার সরাসরি তোর কপালে গুলি করব।

মূলত ‘টাটিরি’ গানে হরিয়ানার নারীদের অবমাননা ও কুরুচিপূর্ণভাবে উপস্থাপনের অভিযোগেই বাদশাকে লক্ষ্যবস্তু করেছে এই গ্যাংস্টার গোষ্ঠী।
উল্লেখ্য, এই গানটি নিয়ে গত শনিবার বাদশাকে গ্রেপ্তারের দাবি তুলেছে হরিয়ানা নারী কমিশন। এমনকি হরিয়ানার মাটিতে তাকে কোনো অনুষ্ঠান করতে দেওয়া হবে না বলেও আগে থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল।
এদিকে বর্তমানে ভারতের শোবিজ অঙ্গনে বিষ্ণোই গ্যাংকে নিয়ে এক থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এর আগে বলিউড সুপারস্টার সালমান খান, অভিনেতা রণবীর সিং এবং নির্মাতা রোহিত শেঠির মতো তারকাদেরও নিশানায় নিয়েছে এই গোষ্ঠী। এমনকি দেশের গণ্ডি ছাড়িয়ে কানাডায় কমেডিয়ান কপিল শর্মার ক্যাফেতে গুলিবর্ষণের ঘটনায়ও এই গ্যাংয়ের নাম উঠে এসেছে। একের পর এক তারকাকে হুমকির তালিকায় যুক্ত করায় বাদশার নিরাপত্তা নিয়ে এখন চরম উদ্বেগ তৈরি হয়েছে।

ব্যক্তিগত ও পেশাগত জীবনে বাদশা এখন বহুমুখী সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন। একদিকে হরিয়ানা নারী কমিশনের আইনি পদক্ষেপ এবং পুলিশি ঝামেলার কারণে তার পাসপোর্ট জব্দ করা হয়েছে, অন্যদিকে বিষ্ণোই গ্যাংয়ের সরাসরি খুনের হুমকি তাকে কার্যত কোণঠাসা করে ফেলেছে।
পরিস্থিতি যেদিকে মোড় নিচ্ছে, তাতে যেকোনো সময় বড় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা করছেন তার ভক্ত ও সংশ্লিষ্টরা।
পিআরি/টিকে