সিনেমার শুটিংয়ে ব্যস্ত তনয়, থাকছেন নাটকেও
ছবি: সংগৃহীত
০২:১২ পিএম | ১৫ মার্চ, ২০২৬
পল্লীকবি জসীমউদদীন-এর বিখ্যাত কাব্যগাথা ‘সোজন বাদিয়ার ঘাট’ অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করছেন তানভীর মোকাম্মেল। ইতোমধ্যে গোপালগঞ্জের চান্দার বিল এলাকায় ছবিটির শুটিং শুরু হয়েছে এবং প্রায় ৭০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।
গল্পের কেন্দ্রীয় ‘সোজন’ চরিত্রে অভিনয় করছেন তনয় বিশ্বাস এবং ‘দুলী’ চরিত্রে রাদিফা নারমিন।
তনয় বিশ্বাস বললেন, ‘সোজন বাদিয়ার ঘাট’ সম্পর্কে আমরা সবাই জানি, পল্লীকবি জসীমউদদীন-এর বিখ্যাত কাব্যগাথা।

এ রকম একটা গল্পের জার্নির সঙ্গী হতে পারা অবশ্যই আনন্দের। তা ছাড়া তানভীর মোকাম্মেল ভাইয়ের নির্মাণে কাজ করতে পারা আমার জন্য সৌভাগ্যের বটে। গত মাসে গোপালগঞ্জের বিভিন্ন গ্রামে এটার শুটিং করেছি, আরো কিছু অংশের কাজ বাকি রয়েছে।’
সিনেমাটির শুটিং করতে গিয়ে বেশ কিছু ঈদের প্রজেক্ট হাতছাড়া হয়েছে বলে জানান এই মডেল ও অভিনেতা।
আসন্ন ঈদের বেশ কয়েকটি নাটক ও বিজ্ঞাপনে কাজ করার কথা ছিল তার, কিন্তু সিনেমার শুটিং শিডিউলের কারণে সেগুলো ফিরিয়ে দিতে হয়েছে।
তিনি বলেন, কিছু কাজ তো হাতছাড়া হয়েছেই। ঈদকে ঘিরে কিছু নাটক এবং বিজ্ঞাপন করার কথা ছিল কিন্তু ফিরিয়ে দিতে হয়েছে। যদিও সম্প্রতি দুয়েকটি নাটকের শুটিং করেছি, তবে আরও করতে পারলে ঈদে এবার বেশ কিছু কাজ থাকতো আমার।
একই সঙ্গে বড় পর্দা এবং ছোট পর্দায় অভিনয় প্রসঙ্গে তার ভাষ্য, সবারই স্বপ্ন থাকে বড় পর্দায় কাজ করার। যেহেতু আমার শুরুই হয়েছে সিনেমা দিয়ে, সেই জায়গা থেকে বড় পর্দার নেশা আমাকে কখনোই ছাড়ে না। এর বাইরে ছোট পর্দায় কাজ করি মূলত অভিনয় স্কিলটা আরেকটু ডেভেলপ করার জন্য। আমার জায়গা থেকে দুই পর্দাতেই ব্যালেন্স করে কাজ করার চেষ্টা করছি।
সিনেমাটির বাকি অংশের কাজ বর্ষাকালে শুটিং হবে বলে জানা গেছে।
ছবিটিতে আরও অভিনয় করছেন চিত্রলেখা গুহ, কাজী রাজু, শাহ আলম দুলাল, আহসানুল হক মিনু, জয়িতা মহলানবিশ, সংগীতা চৌধুরী, দেবাশীষ ঘোষ, শুভাশীষ ভৌমিকসহ আরও অনেকে।
জানা গেছে, সবকিছু ঠিক থাকলে চলতি বছরের নভেম্বর মাসে ‘সোজন বাদিয়ার ঘাট’ মুক্তি পেতে পারে।
পিআরি/টিকে