© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কেন চর্চায় নানা পাটেকরের নতুন সিরিজ ‘সংকল্প’?

শেয়ার করুন:
কেন চর্চায় নানা পাটেকরের নতুন সিরিজ ‘সংকল্প’?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৪০ পিএম | ১৫ মার্চ, ২০২৬
রাজনীতি, ক্ষমতা আর নীরব প্রতিরোধ এই তিনের ভেতর দিয়েই এগোয় নানা পাটেকরের নতুন ছবি ‘সংকল্প’। পরিচালক প্রকাশ ঝাঁর নির্মাণে আবারও উঠে এসেছে সেই পরিচিত রাজনৈতিক আবহ, যেখানে সরাসরি সংঘর্ষের বদলে কৌশলই হয়ে ওঠে প্রধান অস্ত্র। ধারাবাহিকটির কেন্দ্রে রয়েছেন কানহাইয়ালাল নামের এক শিক্ষক, যিনি বাইরে থেকে সাধারণ গুরুকুল পরিচালনাকারী মানুষ হলেও ভেতরে ভেতরে গড়ে তুলছেন এমন এক প্রজন্ম, যারা রাষ্ট্রযন্ত্রের ভেতরে ঢুকে বদলে দিতে পারে বহু কিছু।



বিহারের পাটনাকে পটভূমি করে গড়া এই কাহিনিতে নানা পাটেকরের চরিত্র ‘মাট সাব’ শান্ত, সংযত, কিন্তু তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী। তিনি গুরুকুল ধাঁচের একটি উচ্চপদস্থ সরকারি চাকরির প্রস্তুতি কেন্দ্র চালান। সেখানে শুধু পড়াশোনা নয়, ছাত্রদের মানসিকভাবে প্রস্তুত করা হয় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব নেওয়ার জন্য। তাঁর বিশ্বাস, পরিবর্তন আনার সবচেয়ে কার্যকর পথ হলো ব্যবস্থার ভেতরে প্রবেশ করা। সেই লক্ষ্যেই একে একে ছাত্রদের তৈরি করেন তিনি।

ধারাবাহিকের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে তাঁর প্রিয় ছাত্র আদিত্যর সঙ্গে সম্পর্কের পরিবর্তন। শুরুতে যে সম্পর্ক নিঃশর্ত বিশ্বাসে গড়া, সময়ের সঙ্গে সেখানে তৈরি হয় দূরত্ব, প্রশ্ন এবং টানাপোড়েন। সেই পরিবর্তনের ভেতর দিয়েই গল্প নতুন দিকে মোড় নেয়। দর্শককে ধীরে ধীরে বুঝতে হয়, শিক্ষক ও শিষ্যের এই সম্পর্ক কেবল ব্যক্তিগত নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বৃহত্তর সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা।

অন্যদিকে দিল্লির মুখ্যমন্ত্রী প্রশান্ত সিং চরিত্রে সঞ্জয় কাপুর এবং তাঁর ঘনিষ্ঠ সহচর ওয়াকার চরিত্রে নীরজ কবিও কাহিনিকে দৃঢ়তা দিয়েছেন। রাজনৈতিক প্রতিশ্রুতি, জনতার চাপ এবং ক্ষমতা ধরে রাখার হিসাব সব মিলিয়ে তাদের অংশও ধারাবাহিকটিকে ভারী করেছে।

তবে বিষয়বস্তুর গভীরতা থাকা সত্ত্বেও ধারাবাহিকটির গতি অনেক সময় ধীর মনে হতে পারে। একাধিক পর্বে একই আবহের পুনরাবৃত্তি দর্শকের মনোযোগ কিছুটা শিথিল করে। রাজনৈতিক টানাপোড়েন, সমাজ বদলের স্বপ্ন এবং নীরব লড়াইয়ের ধারণা শক্তিশালী হলেও উপস্থাপনায় গতি কমে যাওয়ায় শেষ পর্যন্ত প্রতিক্রিয়া মিশ্রই থাকছে।

পিআরি/টিকে

মন্তব্য করুন