আবারও হাসির ঝড় তুলতে ফিরছে ‘গোলমাল ৫’
ছবি: সংগৃহীত
১০:১৩ পিএম | ১৫ মার্চ, ২০২৬
বলিউডের হাসির দুনিয়ায় আবারও ফিরছে এক পুরোনো উন্মাদনা। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন বি-টাউনের জনপ্রিয় নির্মাতা রোহিত শেঠি। তার সুপারহিট কমেডি ফ্র্যাঞ্চাইজি গোলমাল–এর পঞ্চম কিস্তির ঘোষণা দিয়েছেন তিনি নিজেই। গত শনিবার নিজের জন্মদিনে ভক্তদের জন্য বিশেষ উপহার হিসেবে নিজের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে একটি প্রোমো ভিডিও শেয়ার করেন এই নির্মাতা।
প্রকাশ হওয়া মাত্রই মুহূর্তেই সেটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে, আর তাতেই ‘গোলমাল’ নিয়ে নতুন করে জেগে ওঠে দর্শকদের উন্মাদনা। বহুদিন পর আবারও হাসির ঝড় তুলতে ফিরছে এই জনপ্রিয় সিরিজ-যা ইতোমধ্যেই বলিউডের অন্যতম সফল কমেডি ফ্র্যাঞ্চাইজিতে পরিণত হয়েছে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সিনেমাটিতে থাকছে বড় এক চমক! ভিডিওতে দেখা যায়, অজয় দেবগন, আরশাদ ওয়ারসি, শ্রেয়াস তালপাড়ে, কুনাল খেমু এবং তুষার কাপুরকে দেখা যায়; পাশাপাশি শারমান যোশীর কামব্যাক আগ্রহ আরও বাড়িয়ে তোলে দর্শকদের। শুধু তাই নয়, ভিডিওর শেষে অক্ষয় কুমারের উপস্থিতি সবাইকে চমকে দেয়। সেখানে কালো কুর্তা-পাজামা ও চোখে রোদচশমা পরে ন্যাড়া মাথার লুকে দেখা দিয়েছেন অক্ষয়।

নতুন এই সিনেমা প্রসঙ্গে রোহিত শেঠি জানান, ২০ বছর আগে শুরু হওয়া ‘গোলমাল’ তার জীবন বদলে দিয়েছে। দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, তার টিম আবারও দর্শকদের বিনোদন দিতে এই নতুন যাত্রা শুরু করছে। অন্যদিকে, এই ফ্র্যাঞ্চাইজিতে যুক্ত হওয়া প্রসঙ্গে অক্ষয় কুমার সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, রোহিত শেঠির জন্মদিনে উন্মাদনা এবার আরও বাড়বে। গোলমাল পরিবারের এই পাগল সদস্যদের সঙ্গে যুক্ত হতে পেরে আমি উচ্ছ্বসিত।
উল্লেখ্য, ২০০৬ সালে ‘গোলমাল: ফান আনলিমিটেড’ সিনেমার মাধ্যমে এই সিরিজের যাত্রা শুরু হয়। প্রথম সিনেমায় অজয় দেবগন, আরশাদ ওয়ারসি, তুষার কাপুরের সঙ্গে শারমান যোশী থাকলেও পরবর্তী কিস্তিগুলোতে তাকে আর দেখা যায়নি। দীর্ঘ দুই দশক ধরে ভারতের অন্যতম জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি হিসেবে জায়গা করে নিয়েছে ‘গোলমাল’। এখন টি-সিরিজ ও রোহিত শেঠি পিকচার্সের ব্যানারে শুরু হতে যাচ্ছে এর পঞ্চম কিস্তির নির্মাণ কাজ।
কেএন/এসএন