যুদ্ধে ‘বিজয়’ দাবি করায় ট্রাম্পকে উপহাস ইরানের পার্লামেন্টের স্পিকারের
ছবি: সংগৃহীত
০৩:৪১ এএম | ১৬ মার্চ, ২০২৬
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ‘বিজয়’ দাবি নিয়ে প্রকাশ্যে উপহাস করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের ঘালিবাফ। তিনি বলেছেন, গত দুই সপ্তাহে ট্রাম্প ইরানকে ৯বার পরাজিত করার দাবি করেছেন।
গত শনিবার (১৪ মার্চ) ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প দাবি করেন যে, যুক্তরাষ্ট্র ইরানকে ‘সামরিক, অর্থনৈতিক ও অন্য সব দিক থেকে’ পরাজিত করেছে। এদিন পারস্য উপসাগরের হরমুজ প্রণালীর অবরোধ ভাঙতে কয়েকটি দেশের সহায়তাও চান তিনি।
একটি বহুজাতিক জোট হরমুজ প্রণালী খোলা রাখার জন্য যুদ্ধজাহাজ পাঠাবে বলে দাবি করে ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্র সেই দেশগুলোর সঙ্গে সমন্বয় করবে যাতে সবকিছু দ্রুত, সুষ্ঠু ও সঠিকভাবে সম্পন্ন হয়। এটা সবসময়ই একটি দলগত প্রচেষ্টা হওয়া উচিত ছিল, এবং এখন তা হবে এটি বিশ্বকে একত্রিত করবে, শান্তি, নিরাপত্তা এবং চিরস্থায়ী শান্তির দিকে এগোতে সাহায্য করবে।’
ইরান যুদ্ধে ট্রাম্পের এই ‘বিজয়’ দাবি নিয়ে উপহাস করেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাগের ঘালিবাফ। এক এক্স বার্তায় তিনি বলেন, ‘গত দুই সপ্তাহে তিনি আমাদের অন্তত ৯বার পরাজিত করার দাবি করেছেন। হাস্যকর!’
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও ট্রাম্পের এই দাবির জবাব দিয়েছেন। তিনি বলেছেন, ‘যুক্তরাষ্ট্র এখন অন্যদের সাহায্য ভিক্ষা করছে, এমনকি চীনের কাছেও।’ পরমাণু ইস্যুতে কূটনৈতিক আলোচনার মাঝে হঠাৎ করেই গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ আগ্রাসী হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। যার ফলে যুদ্ধের প্রথমদিনই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন।
জবাবে ইসরাইলের পাশাপাশি উপসাগরীয় দেশগুলোতে মার্কিন সামরিক ঘাঁটি ও স্বার্থ লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে ইরান। যার মধ্যদিয়ে তীব্র রক্তক্ষয়ী সংঘাত শুরু হয়। রোববার (১৫ মার্চ) এই সংঘাত তৃতীয় সপ্তাহে গড়ায়।
এসএস/টিএ