ক্রিকেট ছেড়ে ক্যামেরা হাতে রেকর্ড গড়লেন আদিত্য ধর
ছবি: সংগৃহীত
১২:২৯ পিএম | ১৬ মার্চ, ২০২৬
ভারতীয় সিনেমার ইতিহাসে এখন অন্যতম আলোচিত নাম আদিত্য ধর। তার পরিচালিত স্পাই অ্যাকশন সিনেমা ‘ধুরন্ধর’ বক্স অফিসে সব রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে। কিন্তু আজ যিনি ১৩০০ কোটি টাকার সিনেমার কারিগর, তার শুরুটা ছিল একেবারেই অন্যরকম।
আদিত্য ধরের প্রথম প্রেম ছিল ক্রিকেট।

অনূর্ধ্ব-১৯ দলে খেলার মতো প্রতিভা থাকলেও সিস্টেমের ভেতরের রাজনীতির কারণে তিনি সুযোগ পাননি। এই হতাশা থেকেই তার জীবনের মোড় ঘুরে যায়। প্রবীণ নির্মাতা প্রিয়দর্শন সম্প্রতি জানান, ক্রিকেট থেকে ছিটকে পড়ে বিমর্ষ আদিত্য একদিন ‘গার্ডিশ’ সিনেমাটি দেখেন এবং সিদ্ধান্ত নেন তিনি সিনেমা জগতেই নিজের ক্যারিয়ার গড়বেন।
মুম্বাই আসার পর আদিত্যর পথ সহজ ছিল না।
অন্যের সিনেমার জন্য গল্প লিখলেও ক্রেডিট পেতেন না। শেষ পর্যন্ত ২০১০ সালের দিকে তিনি পরিচালক প্রিয়দর্শনের সহকারী হিসেবে কাজ শুরু করেন। তিন বছর ধরে প্রিয়দর্শনের সাথে থেকে তিনি সংলাপ লেখা এবং গল্প বলার দক্ষতায় নিজেকে দক্ষ করে তোলেন। প্রিয়দর্শন বলেন, আদিত্যর ভাষার ওপর দারুণ দখল ছিল, যা তাকে আজ এই অবস্থানে নিয়ে এসেছে।
২০২৫ সালের ৫ ডিসেম্বর মুক্তি পায় রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’। বিশ্বব্যাপী ছবিটি ১৩০০ কোটি টাকারও বেশি আয় করেছে। এটি ভারতের অন্যতম সফল সিনেমা ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘পুষ্পা ২’-এর রেকর্ডও ছাড়িয়ে গেছে। ছবিটির মাধ্যমে অভিনেতা রণবীর সিং তার ক্যারিয়ারের সেরা সাফল্য পান। মাত্র ১৬ দিনেই ছবিটি ভারতে ৫০০ কোটির ক্লাবে প্রবেশ করে।
প্রথম কিস্তির বিশাল সাফল্যের পর দর্শকদের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ১৯ মার্চ মুক্তি পেতে যাচ্ছে এর সিক্যুয়েল ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। ১৮ মার্চ থেকেই দেশজুড়ে এর প্রিভিউ স্ক্রিনিং শুরু হওয়ার কথা রয়েছে। ক্রিকেট মাঠের রাজনীতি যাকে হারিয়ে দিয়েছিল, সেই আদিত্য ধর আজ বলিউড বক্স অফিসের আসল ‘ধুরন্ধর’।
সূত্র : এনডিটিভি
পিআর/টিকে