শত্রুদের কাছে তথ্য সরবরাহের অভিযোগে প্রায় ৫০০ জন গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
১২:৫৬ পিএম | ১৬ মার্চ, ২০২৬
ইরানে শত্রুদের কাছে তথ্য সরবরাহের অভিযোগে প্রায় ৫০০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির পুলিশ প্রধান আহমেদরেজা রাদান। রোববার তিনি বলেন, সাম্প্রতিক সময়ে দেশে চলমান উত্তেজনার মধ্যেই এসব গ্রেফতার করা হয়েছে। খবর রয়টার্সের।
রাদান জানান, গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। তাদের মধ্যে কেউ কেউ হামলার লক্ষ্যবস্তু নির্ধারণে তথ্য সরবরাহ করেছে এবং কেউ কেউ হামলার স্থানের ছবি বা ভিডিও ধারণ করে বিদেশে পাঠিয়েছে। তবে এসব গ্রেফতার ঠিক কোন সময়ে হয়েছে সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।
ইরানের বিভিন্ন গণমাধ্যমও দেশের কয়েকটি অঞ্চলে নতুন করে গ্রেফতারের খবর প্রকাশ করেছে। আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি গতকাল জানিয়েছিল, উত্তর-পশ্চিমাঞ্চলে ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা ইরানের সামরিক ও নিরাপত্তা স্থাপনার অবস্থান সংক্রান্ত তথ্য ইসরাইলের কাছে পাঠিয়েছিলেন।
একই সময়ে উত্তর-পূর্বাঞ্চল থেকেও ১০ জনকে আটক করা হয়। এ অঞ্চলটি এখন পর্যন্ত বিমান হামলার তুলনামূলক কম প্রভাবের মধ্যে ছিল। আটক হওয়া কয়েকজনের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ স্থাপনা ও অর্থনৈতিক অবকাঠামো সম্পর্কে তথ্য সংগ্রহের অভিযোগ আনা হয়েছে।
এদিকে ইসলামিক বিপ্লবী গার্ড কপর্সের (আইআরজিসি) গোয়েন্দা শাখার এক প্রাদেশিক ইউনিট জানিয়েছে, যখন ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইরানে হামলার চেষ্টা চালাচ্ছে, তখন তারা একই সঙ্গে গুপ্তচর ও ভাড়াটে লোকদের সক্রিয় করছে, যাতে দেশে অস্থিরতা সৃষ্টি করা যায়।
স্টুডেন্ট নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, পশ্চিমাঞ্চলীয় লোরেস্তান প্রদেশে তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে জনমত উসকে দেওয়া এবং শোকের প্রতীক পোড়ানোর চেষ্টা করার অভিযোগ আনা হয়েছে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক পরিস্থিতিতে ইরানে নিরাপত্তা নজরদারি আরও কঠোর করা হয়েছে এবং সম্ভাব্য গুপ্তচরবৃত্তি ঠেকাতে কর্তৃপক্ষ ব্যাপক অভিযান চালাচ্ছে।
এসকে/টিকে