© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অস্কারের মঞ্চে উপেক্ষিত ধর্মেন্দ্র! প্রয়াত কিংবদন্তিদের তালিকায় নেই ‘হি-ম্যান’

শেয়ার করুন:
অস্কারের মঞ্চে উপেক্ষিত ধর্মেন্দ্র! প্রয়াত কিংবদন্তিদের তালিকায় নেই ‘হি-ম্যান’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৩১ পিএম | ১৬ মার্চ, ২০২৬
চলচ্চিত্রজগতের দীর্ঘ পথচলায় ধর্মেন্দ্র ছিলেন ভারতীয় পর্দার এক অনিবার্য নাম। কয়েক দশক ধরে জনপ্রিয়তা, অভিনয়ের বহুমাত্রিকতা এবং প্রজন্ম পেরিয়ে দর্শকের ভালোবাসা তাঁকে আলাদা মর্যাদা দিয়েছে। গত নভেম্বরে তাঁর প্রয়াণের পর স্বাভাবিকভাবেই অনেকে আশা করেছিলেন, বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্রমঞ্চ অস্কারের স্মরণপর্বে তাঁর নামও উচ্চারিত হবে। কিন্তু এবারের অনুষ্ঠানে সেই প্রত্যাশা পূরণ হয়নি।

অস্কারের ‘স্মরণপর্ব’-এ প্রতি বছর বিশ্বের প্রয়াত গুরুত্বপূর্ণ চলচ্চিত্র ব্যক্তিত্বদের নাম তুলে ধরা হয়। সেখানে অতীতে ভারতীয় চলচ্চিত্রের একাধিক পরিচিত মুখ স্থান পেয়েছেন। শিল্প নির্দেশক নীতিন চন্দ্রকান্ত দেশাই, শশী কাপুর, শ্রীদেবী, ইরফান খান এবং ভানু আথাইয়ার নাম আন্তর্জাতিক এই মঞ্চে সম্মানের সঙ্গে স্মরণ করা হয়েছিল। সে কারণেই ধর্মেন্দ্রকে নিয়েও দর্শক ও অনুরাগীদের মধ্যে আলাদা প্রত্যাশা তৈরি হয়েছিল।

ধর্মেন্দ্রর অভিনয়জীবন ছিল বিস্তৃত এবং বৈচিত্র্যময়। একদিকে যেমন জনপ্রিয় বাণিজ্যিক ছবিতে তিনি দর্শকনন্দিত হয়েছেন, অন্যদিকে সংযত অভিনয়েও আলাদা ছাপ রেখেছেন। ‘শোলে’, ‘চুপকে চুপকে’, ‘ফুল ঔর পাত্থর’, ‘সীতা ঔর গীতা’ থেকে সাম্প্রতিক সময়ের ‘রকি ঔর রানি কি প্রেম কাহানি’ বিভিন্ন প্রজন্মে তাঁর উপস্থিতি ছিল সমানভাবে প্রাসঙ্গিক।



কিন্তু এ বছরের আন্তর্জাতিক পুরস্কারমঞ্চে তাঁর নাম না থাকায় ভারতীয় চলচ্চিত্রমহলে হতাশা তৈরি হয়েছে। অনুরাগীদের একটি বড় অংশ মনে করছেন, ভারতীয় চলচ্চিত্রের এমন এক প্রভাবশালী শিল্পীকে স্মরণ না করা আন্তর্জাতিক পরিসরে এক ধরনের অসম্পূর্ণতা রেখে গেল।

সমাজমাধ্যমেও এই প্রসঙ্গ ঘিরে প্রতিক্রিয়া দেখা গেছে। বহু দর্শক প্রশ্ন তুলেছেন, যখন আগে ভারতীয় চলচ্চিত্রের একাধিক প্রয়াত শিল্পীকে সম্মান জানানো হয়েছে, তখন ধর্মেন্দ্রর মতো দীর্ঘ পেশাজীবনের একজন শিল্পী কেন বাদ পড়লেন।

এদিকে অনুষ্ঠানে স্মরণ করা হয়েছে হলিউডের প্রয়াত কয়েকজন তারকাকে। তাঁদের নিয়ে মঞ্চে আলাদা শ্রদ্ধা নিবেদনও হয়েছে। কিন্তু ভারতীয় দর্শকের আলোচনার কেন্দ্রে ছিল ধর্মেন্দ্রর অনুপস্থিতিই।

চলচ্চিত্রপ্রেমীদের কাছে ধর্মেন্দ্র শুধু একজন অভিনেতা নন, তিনি এক সময়ের প্রতীক। তাই আন্তর্জাতিক স্বীকৃতির মঞ্চে তাঁর নাম না ওঠা অনেকের কাছেই আবেগের জায়গায় আঘাত হয়ে দেখা দিয়েছে।

পিআর/টিকে


মন্তব্য করুন