বড় উদ্যোগ আলিয়ার, জন্মদিনেই চমক দিলেন নায়িকা
ছবি: সংগৃহীত
০৩:০১ পিএম | ১৬ মার্চ, ২০২৬
জন্মদিনে ব্যক্তিগত উদ্যাপনের বদলে নতুন সৃজনশীল পরিকল্পনার ঘোষণা দিলেন আলিয়া ভাট। অভিনয় ও প্রযোজনার পাশাপাশি এবার শিশুদের জন্য আলাদা বিষয়ভিত্তিক নির্মাণে এগোচ্ছেন তিনি। নিজের প্রযোজনা সংস্থার অধীনে নতুন শাখা হিসেবে শুরু করলেন ‘ইটার্নাল কিডস’, যার লক্ষ্য শিশুদের জন্য স্বতন্ত্র ও কল্পনাময় বিষয়বস্তু তৈরি করা।
এর আগে আলিয়ার প্রযোজনা সংস্থা ‘ইটার্নাল সানশাইনস প্রোডাকশন’ থেকে নির্মিত কাজ দর্শকের নজর কাড়ে। ‘ডার্লিংস’ এবং ‘জিগরা’ মুক্তির পর প্রযোজক হিসেবেও তাঁর গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। সেই অভিজ্ঞতার পর এবার তিনি শিশুদের জগৎকে কেন্দ্র করে নতুন দিক খুলতে চাইছেন।
জন্মদিনের দিনই সমাজমাধ্যমে এই পরিকল্পনার কথা জানান আলিয়া। তাঁর ভাষ্যে, এই নতুন উদ্যোগ মূল প্রযোজনা সংস্থারই সম্প্রসারিত অংশ। শিশুদের জন্য এমন গল্প তৈরি করতে চান, যেখানে কল্পনা, অনুভূতি ও শৈশবের স্বাভাবিক আনন্দ একসঙ্গে থাকবে।

নতুন উদ্যোগের প্রথম কাজের নাম রাখা হয়েছে ‘দেয়ার্স সি অ্যান্ড জি অ্যান্ড এম’। আলিয়া জানিয়েছেন, ছোটবেলায় দাদুর মুখে শোনা গল্প এবং কিছু পরিচিত চরিত্র থেকে এই ভাবনার সূত্রপাত। পারিবারিক স্মৃতি ও শৈশবের গল্পকেই তিনি নতুন আকারে পর্দায় আনতে চাইছেন।
শুধু একটি কাজেই থেমে থাকছেন না তিনি। আরও দুটি নতুন পরিকল্পনাও ইতিমধ্যে ঠিক করা হয়েছে বলে জানা গেছে। যদিও সেগুলোর বিস্তারিত এখনও প্রকাশ্যে আনা হয়নি, তবু বোঝা যাচ্ছে শিশুদের জন্য ধারাবাহিকভাবে কাজের পরিকল্পনা নিয়েই এগোচ্ছে এই নতুন শাখা।
ভারতীয় মূলধারার বিনোদনে শিশুদের জন্য আলাদা মানসম্পন্ন নির্মাণ তুলনামূলক কম হওয়ায় আলিয়ার এই পদক্ষেপকে অনেকে সময়োপযোগী বলেই দেখছেন। অভিনয়ের ব্যস্ততার মধ্যেও তিনি যে নতুন প্রজন্মের দর্শকদের জন্য আলাদা ভাবনা নিয়ে এগোচ্ছেন, সেটিই এখন আলোচনার কেন্দ্রে।
পিআর/টিকে