© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঈদে ঘরেমুখো যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে উপকূলীয় নৌপথে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান

শেয়ার করুন:
ঈদে ঘরেমুখো যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে উপকূলীয় নৌপথে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:০৮ পিএম | ১৬ মার্চ, ২০২৬
আসন্ন ঈদে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে ভোলাসহ উপকূলীয় নৌপথে নিরাপত্তা ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত টহল ও সাঁড়াশি অভিযান পরিচালনা করেছেন কোস্ট গার্ড সদস্যরা।

সোমবার (১৬মার্চ) দুপুর ১২টায় ভোলার ইলিশা লঞ্চঘটে কোস্ট গার্ড দক্ষিণ জোনের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার শওকাত আহমেদ এক ব্রিফিংয়ে জানান, বাংলাদেশ কোস্ট গার্ড প্রতিষ্ঠালগ্ন থেকে উপকূল এবং নদী তীরবর্তী অঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করণে নিরলসভাবে দায়িত্ব পালন করছে। অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ এবং নৌপথের নিরাপত্তায় নিয়মিত টহল, যৌথ এবং সাঁড়াশি অভিযান পরিচালনা করছে এ বাহিনী।

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৫ মার্চ থেকে আগামী ২৬ মার্চ পর্যন্ত কোস্ট গার্ড দক্ষিণ জোন ভোলার ইলিশা, খেয়াঘাট, ভেদুরিয়া, নাজিরপুর, চৌমূহনী, লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট, আলেকজান্ডার, বরিশালের ডিসি ঘাট, উলানীয়া, পুরাতন হিজলা, পটুয়াখালীর আলীপুর, পটুয়াখালী, কালাপাড়া, বাউশিয়া, নোয়াখালীর তমুরুদ্দিন, রাম নেওয়াজ এবং বরগুনা জেলার কাঠছিড়াসহ পাথরঘাটার গুরুত্বপূর্ণ লঞ্চ, খেয়া ও ফেরিঘাট সমূহে জননিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিশেষ টহল জোরদার করা হয়েছে।

এ সময় জনসচেতনতামূলক মাইকিং, লিফলেট বিতরণ, সন্দেহজনক ব্যক্তি ও নৌযান সমূহে তল্লাশি এবং যাত্রীদের ব্যাগ স্ক্যানসহ অন্যান্য নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনা করছেন কোস্ট গার্ড সদস্যরা।

দুষ্কৃতিকারীদের যেকোনো নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ডের প্রতিটি সদস্য সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। এর ফলে নৌপথে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করা যায়।

কোস্ট গার্ডের এ কার্যক্রম দিন-রাত ২৪ ঘণ্টা অব্যাহত আছে এবং ঈদুল ফিতর পরবর্তী যাত্রী সাধারণের নৌযাত্রা নিরাপদ রাখতে উক্ত কার্যক্রম চলমান থাকবে।

এসকে/টিকে

মন্তব্য করুন