প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণার অভিযোগে কারাগারে আব্দুস সালাম
ছবি: সংগৃহীত
০৫:৩২ পিএম | ১৬ মার্চ, ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘পার্সোনাল সেক্রেটারি’ (পিএস) পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে শেরেবাংলা নগর থানার মামলায় গ্রেপ্তার মো. আব্দুস সালামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (১৬ মার্চ) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত এই আদেশ দেন।
প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম রাসেল বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক মো. বুলবুল আহমেদ আসামিকে আদালতে হাজির করেন। এরপর তাকে এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবীরাও জামিন চেয়ে শুনানি করেন। শুনানি শেষে আদালত আসামির জামিন নামঞ্জুর করে রিমান্ড শুনানির জন্য আগামী ২৪ মার্চ নির্ধারণ করেন।
এদিকে রিমান্ড আবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদে আসামি ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয় স্বীকার করেন। প্রাথমিক তদন্তে আসামি মামলার ঘটনায় জড়িত থাকার তথ্য প্রমাণ পাওয়া গেছে। গ্রেপ্তার আসামিকে অন্যান্য আসামিদের নাম ঠিকানা জিজ্ঞাসাবাদ করলে সে অসংলগ্ন কথাবার্তা বলে। মামলার ঘটনার মূল রহস্য উদঘাটন, অজ্ঞাতনামা পলাতক আসামিদের নাম, ঠিকানা, অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহ ও আসামির ব্যবহৃত মোবাইল ফোন, কল ডিটেইলস, মেসেজ ও ডিজিটাল যোগাযোগের তথ্য সম্পর্কে জিজ্ঞাসাবাদ করার জন্য পাঁচ দিনের রিমান্ড একান্ত প্রয়োজন।
এর আগে, গত ১৫ মার্চ সকাল ৭টায় রাজধানীর আগারগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মদমালার সূত্রে জানা যায়, আসামি মো. আব্দুস সালাম দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রীর পিএস পরিচয় ব্যবহার করে আসছিলেন। এই ভুয়া পরিচয়ের আড়ালে তিনি অবৈধ আর্থিক লেনদেন, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরে নিয়োগ বাণিজ্যসহ নানাবিধ প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্য সরকারের বিভিন্ন পর্যায়ে পৌঁছালে তদন্ত শুরু হয়। প্রাপ্ত তথ্যের সত্যতা যাচাই ও প্রমাণের ভিত্তিতে গোয়েন্দা বাহিনীর একটি দল ভোরে আগারগাঁও পানির ট্যাংকি এলাকায় সালামের বাসভবনে অভিযান চালিয়ে তাকে আটক করেন।
আইকে/টিএ