বিএনপি যা বলে অক্ষরে অক্ষরে পালন করে : শামা ওবায়েদ
ছবি: সংগৃহীত
০৫:৪৮ পিএম | ১৬ মার্চ, ২০২৬
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু বলেছেন, বিএনপি যখন যেটা বলে, তখন সেই কাজ অক্ষরে অক্ষরে পালন করেন। তার প্রমাণ ইতোমধ্যে আপনারা দেখেছেন। সরকার গঠন করার দুই সপ্তাহের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ইশতেহারে যা যা বলেছেন, সেই প্রতিশ্রুতি অক্ষর অক্ষরে পালন করার জন্য কার্যক্রম বাস্তবায়ন শুরু করে দিয়েছেন।
সোমবার (১৬ মার্চ) দুপুরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় খাল খননের কাজ উদ্বোধন শেষে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু বলেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এদেশের মানুষের ভাগ্য উন্নয়নে ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আমাদের প্রধানমন্ত্রী ইতোমধ্যে কৃষকদের ঋণ মওকুফ করে দিয়েছেন। মা-বোনদের ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হয়েছে। ইমাম মুয়াজ্জিনদের সম্মানী ভাতা চালু করেছেন। সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের কর্মসূচি শুরু করে দিয়েছে সরকার।
তিনি আরও বলেন, ঈদের পরে কৃষকদের মাঝে কৃষি কার্ড দেওয়া হবে। অনেকে বলে বিএনপি মুখে বলে বাস্তবে কাজ করেন না, তাদেরকে আমরা বলব, বিএনপি যা বলে তা অক্ষর অক্ষরে পালন করে।
বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল বলেন, সারা দেশে একযোগে ৫৪ জেলায় খাল খনন শুরু হয়েছে। প্রথমেই আমার ফরিদপুর-৪ আসনে ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় বলেরবাগ থেকে সোনাখোলা সেতু পর্যন্ত ৮ কিলোমিটার খাল খননের উদ্বোধন করা হয়েছে। এ খাল খননের মধ্য দিয়ে আমাদের কৃষকদের ভাগ্যের উন্নয়ন হবে।
খাল খনন উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন, ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আবু জাহের, ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মুদারেস আলী ঈসা, যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ মুন্সি, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বিটু, ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বাচ্চু।
আইকে/টিএ