© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আঙুল থেকে কালি মোছার আগেই তারেক রহমান অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছেন : হুইপ দুলু

শেয়ার করুন:
আঙুল থেকে কালি মোছার আগেই তারেক রহমান অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছেন : হুইপ দুলু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:১৭ পিএম | ১৬ মার্চ, ২০২৬
জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, ইমাম-পুরোহিতদের মাসিক ভাতা প্রদান এবং খাল খননের মতো কর্মসূচি ঘোষণা করেছিলেন। আপনাদের আঙুলে ভোটের যে কালি লাগানো হয়েছিল তা মুছে যাওয়ার আগেই ফ্যামিলি কার্ডসহ ইমাম-মুয়াজ্জিনদের টাকা দেওয়া শুরু হয়েছে।’

সোমবার (১৬ মার্চ) দুপুরে নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ২ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে মির্জা মাহমুদ খালের ৪.৮৫ কিলোমিটার খননকাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্যার তার জীবদ্দশায় ঢাকা-মানিকগঞ্জ খাল খননের মাধ্যমে একটা ব্যাপক সাড়া ফেলেছিলেন। 

আজকে আমাদের প্রধানমন্ত্রী দিনাজপুরের কাহালুতে খাল খনন উদ্বোধন করেছেন। এই উদ্বোধনের মাধ্যমে সারা দেশব্যাপী বিভিন্ন জেলার এমপি-মন্ত্রীরা আজকে আনুষ্ঠানিকভাবে খাল খনন শুরু করেছেন।’ 

দুলু আরো বলেন, ‘উত্তরাঞ্চল সবচেয়ে বেশি খরায় জর্জরিত হয়। খরার সময় পানি থাকে না, মাঠ-ঘাট ফেটে খা খা হয়ে যায়। এই খাল খননের মাধ্যমে পানি মজুদ হবে, এই পানি মজুদের মাধ্যমে কৃষক তার ফসল উৎপাদন করতে পারবেন।’

এ সময় আরো উপস্থিত ছিলেন নাটোর ৪ (লালপুর-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ, নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু, জেলা প্রশাসক আসমা শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার খায়ের, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রিফাত করিমসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা।


ইউটি/টিএ


মন্তব্য করুন