সেলফি তুলতে হুড়োহুড়ি, বিরক্ত কাজল!
ছবি: সংগৃহীত
০৮:১৩ পিএম | ১৬ মার্চ, ২০২৬
বলিউড তারকাদের ঘিরে ভক্তদের উচ্ছ্বাস নতুন কিছু নয়। তবে কখনো কখনো সেই উচ্ছ্বাসই অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায় তারকাদের জন্য। সম্প্রতি তেমনই এক ঘটনার মুখে পড়লেন অভিনেত্রী কাজল। একটি অনুষ্ঠানে ভক্তদের সেলফি তোলার হুড়োহুড়িতে বিরক্ত হতে দেখা যায় তাকে।
সেই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে নানা আলোচনা।
এর আগে বলিউডের বেশ কয়েকজন অভিনেত্রীও ভক্তদের এমন আচরণে বিরক্ত হয়েছেন। বিশেষ করে জয়া বচ্চন-এর সেলফি নিয়ে আপত্তির বিষয়টি প্রায়ই আলোচনায় আসে। একইভাবে কারিনা কাপুর খানকেও ভিড় সামলাতে বিব্রত হতে দেখা গেছে।
সম্প্রতি একটি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজল। সেখানে প্রথমে কয়েকজন ভক্ত তার সঙ্গে ছবি তুলতে এগিয়ে আসেন। কিন্তু ধীরে ধীরে আরো অনেকে জড়ো হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ভিড় এতটাই বাড়ে যে কেউ কেউ প্রায় অভিনেত্রীর গায়ের ওপর উঠে পড়েন।

এতে স্পষ্টই বিরক্ত হন কাজল এবং সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন।
পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত নিরাপত্তারক্ষীদের পাশে দাঁড়াতে বলেন তিনি। তাদের সহায়তায় কোনোভাবে ভিড় ঠেলে অনুষ্ঠানকক্ষে ঢুকে যান অভিনেত্রী।
এদিকে ভিডিওটি প্রকাশ্যে আসার পর অনেকেই প্রথমে মনে করেছিলেন, কাজল ইচ্ছা করে ভক্তদের ধাক্কা দিয়েছেন। তবে পরে পুরো ঘটনা স্পষ্ট হলে বোঝা যায়, ভিড়ের চাপে পড়েই তিনি এমন প্রতিক্রিয়া দেখিয়েছিলেন।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে তারকাদের এমন পরিস্থিতিতে পড়ার ঘটনা নতুন নয়। কিছুদিন আগে দক্ষিণী তারকা রাম চরণ-কেও হাসপাতালের সামনে ভক্তদের ভিড়ে পড়তে হয়েছিল। ফলে তারকাদের নিরাপত্তা ও ব্যক্তিগত পরিসর নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
এসএন