আন্ডারওয়ার্ল্ডের হুমকির মুখে ছিলেন তিন খান!
ছবি: সংগৃহীত
০৮:২০ পিএম | ১৬ মার্চ, ২০২৬
নব্বইয়ের দশকে বলিউডের ঝলমলে দুনিয়ার আড়ালে লুকিয়ে ছিল ভয়ঙ্কর এক বাস্তবতা। তখন মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে আন্ডারওয়ার্ল্ডের দাপট ছিল প্রবল। সম্প্রতি এক পডকাস্টে সেই সময়ের চাঞ্চল্যকর অভিজ্ঞতার কথা তুলে ধরলেন নির্মাতা ও কোরিওগ্রাফার ফারাহ খান।
তার দাবি, সেই সময় বলিউডের তিন সুপারস্টার— শাহরুখ খান, সালমান খান এবং আমির খান আন্ডারওয়ার্ল্ডের হুমকির মুখে পড়েছিলেন।
পডকাস্টে ফারাহ জানান, নব্বইয়ের দশকে বলিউড যখন দ্রুত বড় ব্যবসায়িক শিল্পে পরিণত হচ্ছিল, তখনই মাফিয়াদের নজর পড়ে এই ইন্ডাস্ট্রির দিকে। ফলে অনেক তারকা, প্রযোজক ও নির্মাতাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হতো। যদিও শাহরুখ খান-এর কাছে সরাসরি হুমকির ফোন এসেছিল কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। তবে পুরো ইন্ডাস্ট্রিতেই তখন এক ধরনের আতঙ্ক কাজ করত বলে জানান ফারাহ।

তিনি আরো বলেন, করণ জোহর পরিচালিত প্রথম সিনেমা `কুচ কুচ হোতা হ্যায়'-এর প্রিমিয়ার ঘিরেও সেই সময় ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল। আন্ডারওয়ার্ল্ডের হুমকির কারণে করণ এতটাই উদ্বিগ্ন ছিলেন যে, আদৌ প্রিমিয়ার আয়োজন করা ঠিক হবে কি না তা নিয়েও আলোচনা চলছিল। শেষ পর্যন্ত কড়া পুলিশি নিরাপত্তার মধ্যেই প্রিমিয়ার অনুষ্ঠিত হয়।
ফারাহ জানান, সে সময় বহু প্রযোজকের কাছ থেকে জোর করে টাকা দাবি করা হতো।
কেউ টাকা দিতে অস্বীকার করলে হামলার হুমকিও দেওয়া হতো। এমনকি 'ডুপ্লিকেট' সিনেমার শুটিংয়ের সময়ও নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল।
তবে এত ভয় ও বাধা সত্ত্বেও কাজ থামিয়ে রাখেননি শাহরুখ, সালমান বা আমির। নানা প্রতিকূলতা পেরিয়েই তারা নিজেদের অবস্থান আরও শক্ত করেছেন। সেই লড়াই জিতেই আজ তারা বলিউডের অন্যতম প্রভাবশালী তারকা হিসেবে প্রতিষ্ঠিত।
এসএন