মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত অর্থনীতির জন্য বড় ঝুঁকি তৈরি করছে: ইউএনসিটিএডি মহাসচিব
ছবি: সংগৃহীত
১০:১২ এএম | ১৭ মার্চ, ২০২৬
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বিশ্ব অর্থনীতির জন্য বড় ঝুঁকি তৈরি করছে বলে অভিমত ব্যক্ত করেছেন জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলনের (ইউএনসিটিএডি) মহাসচিব রেবেকা গ্রিনস্প্যান। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি বাজারে অস্থিরতা বাড়ছে, যার সবচেয়ে বেশি প্রভাব পড়ছে উন্নয়নশীল ও দরিদ্র দেশগুলোর ওপর।
সোমবার (১৬ মার্চ) নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব বিষয় নিয়ে আলোচনা করেন ইউএনসিটিএডি মহাসচিব রেবেকা গ্রিনস্প্যান।
মঙ্গলবার (১৭ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বৈঠকে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রেক্ষাপটে বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দুই পক্ষই মনে করেন, এ সংঘাত বিশ্ব অর্থনীতির জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে।
তারা মনে করেন, আন্তর্জাতিক বাণিজ্যে বিঘ্ন এবং জ্বালানি বাজারে অস্থিরতা ইতোমধ্যেই উন্নয়নশীল দেশগুলোকে নেতিবাচকভাবে প্রভাবিত করছে। বিশেষ করে দরিদ্র দেশগুলো বহু বছরের অর্জিত উন্নয়ন অগ্রগতি হারানোর ঝুঁকিতে পড়ছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট সব পক্ষকে সংঘাত আরও না বাড়ানোর এবং দ্রুত কূটনৈতিক সমাধানের পথ খুঁজে বের করার আহ্বান জানান তারা।
বৈঠকে উভয় কর্মকর্তা তাদের নিজ নিজ প্রার্থিতা নিয়েও আলোচনা করেন। রেবেকা গ্রিনস্প্যান, যিনি আগে কোস্টারিকার ভাইস প্রেসিডেন্ট ছিলেন, বর্তমানে জাতিসংঘের মহাসচিব পদে প্রার্থী। অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী খালিলুর রহমান জাতিসংঘের ৮১তম অধিবেশনের প্রেসিডেন্ট পদে প্রার্থী। এ সময় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী উপস্থিত ছিলেন।
আরআই/টিকে