ঈদযাত্রার প্রথম দিনে চাপ বেড়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে
ছবি: সংগৃহীত
১১:৩২ এএম | ১৭ মার্চ, ২০২৬
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ থেকে শুরু হয়েছে টানা সাত দিনের ছুটি। এরই মাঝে ঘরমুখো মানুষ রাজধানী ছাড়তে শুরু করায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। তবে কুমিল্লার প্রায় ১০৪ কিলোমিটার অংশে এখনো যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) সকালে সড়কের বিভিন্ন পয়েন্ট পরিদর্শনে দেখা যায়, যানজট না থাকলেও পূর্বের তুলনায় পরিবহনের চাপ বৃদ্ধি পেয়েছে। হাইওয়ে পুলিশ ও সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে, এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আগাম বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।
এ বিষয়ে দাউদকান্দি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, ‘এবারের ঈদযাত্রা হাইওয়ে পুলিশ চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। ঘরমুখো মানুষের ঈদযাত্রা আনন্দদায়ক করতে আমরা ২৪ ঘণ্টা মহাসড়কে অবস্থান করছি। আজ থেকে ঈদের ছুটি শুরু হলেও এখনো পর্যন্ত যানচলাচল স্বাভাবিক। তবে মহাসড়কে পরিবহনের চাপ বেড়েছে। বিশেষ করে চট্টগ্রামমুখী লেনে গাড়ির বেশি চাপ।’
একইসঙ্গে পরিবহন চালকরাও জানিয়েছেন, এখন পর্যন্ত যাত্রা নির্বিঘ্ন। কুমিল্লা এশিয়ান পরিবহনের চালক সাফোয়ান আহমেদ জানান, তিনি ২ ঘণ্টা ১৫ মিনিটে ঢাকা থেকে কুমিল্লায় পৌঁছাতে পেরেছেন।
এদিকে যাত্রীদের ভোগান্তি ও নিরাপত্তা ঝুঁকি কমাতে কুমিল্লা থেকে চট্টগ্রাম পর্যন্ত ২৭টি গুরুত্বপূর্ণ স্থান চিহ্নিত করেছে হাইওয়ে পুলিশ। এসব স্থানে ২৪ ঘণ্টা নজরদারি জোরদার করা হয়েছে। এর মধ্যে দাউদকান্দির বলদাখাল বাসস্ট্যান্ড, গৌরীপুর, চান্দিনা, কুমিল্লা সদর দক্ষিণের পদুয়ার বাজার বিশ্বরোড, চৌদ্দগ্রাম, ফেনী ও সীতাকুণ্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে।
আরআই/টিকে