লুটপাটের একদিন পর আজ খুলছে উত্তরা স্কয়ার
ছবি: সংগৃহীত
১২:০৪ পিএম | ১৭ মার্চ, ২০২৬
গুজবকে কেন্দ্র করে সহিংসতা ও লুটপাটের একদিন পর আজ থেকে আবারও খুলেছেউত্তরার-১১ নম্বর সেক্টরে অবস্থিত উত্তরা স্কয়ার শপিং কমপ্লেক্স।
মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর ২টায় খুলে দেয়া হবে বলে জানিয়েছে মার্কেট কর্তৃপক্ষ।
গত রোববার রাতে এক রিকশাচালককে হত্যার গুজব ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা মার্কেটটিতে দফায় দফায় হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে হয়। এ ঘটনায় ইতোমধ্যে ৭০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে ৫ জনকে।
একদিন বন্ধ থাকার পর আজ সকাল থেকেই ক্ষতিগ্রস্ত দোকানগুলো মেরামতের কাজ শুরু হয়েছে। ভাঙচুর হওয়া অংশগুলো দ্রুত সংস্কারের জন্য বিভিন্ন টিম কাজ করছে।
মার্কেট কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তরা পশ্চিম থানার সঙ্গে সমন্বয় করে যেকোনো ধরনের সহিংসতা মোকাবেলায় প্রস্তুতি নেয়া হয়েছে। পাশাপাশি পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
তবে সকাল থেকে মার্কেট খোলার প্রস্তুতি চললেও এখনও পর্যন্ত কোনো ক্রেতার উপস্থিতি দেখা যায়নি। পরিস্থিতি স্বাভাবিক হলে বিকেলের পর থেকে ক্রেতা সমাগম বাড়তে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এর আগে, রাজধানীর উত্তরা এলাকায় এক রিকশাচালককে পিটিয়ে হত্যার গুজব ছড়িয়ে একটি বাণিজ্যিক ভবনের শপিং মলে হামলা চালিয়ে তুলকালাম কাণ্ড ঘটেছে। এ সময় ‘মব’ সৃষ্টি করে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠেছিল।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম জানান, রিকশাচালককে মারধর করে হত্যার গুজব ছড়িয়ে গভীর রাতে উত্তরা-১১ নম্বর সেক্টরে শপিং মলে কিছু দুষ্কৃতকারী হামলা চালিয়ে ‘মব’ সৃষ্টি করে। এ সময় তারা লুটপাট চালায়।
ইউটি/টিএ