ঈদে ১০ দিন বন্ধ থাকবে ভোমরা স্থলবন্দরের কার্যক্রম
ছবি: সংগৃহীত
১২:০৭ পিএম | ১৭ মার্চ, ২০২৬
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ১০ দিন বন্ধ থাকবে ভোমরা স্থলবন্দরের কার্যক্রম। ভোমরা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা বিষয়টি নিশ্চিত করেছেন।
আবু মুছা জানান, আগামী কাল ১৮ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত ভোমরা কাস্টমস হাউসে সিএন্ডএফ এজেন্টদের সব ধরনের কার্যক্রম স্থগিত থাকবে। বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এতে দুই দেশের মধ্যে পণ্য পরিবহন বন্ধ থাকবে। তবে ছুটি শেষে আগামী ২৮ মার্চ থেকে আবার যথারীতি বন্দর কার্যক্রম শুরু হবে।
ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মামুন কবির তরফদার বলেন, ‘ঈদের সরকারি ছুটির কারণে এই সময় পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ থাকবে। এর ফলে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রমও সাময়িকভাবে স্থগিত থাকবে।’
তবে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন ভোমরা ইমিগ্রেশন পুলিশের ওসি রাশেদুজ্জামান। তিনি বলেন, ‘নিয়মিত প্রক্রিয়ায় পাসপোর্টধারী যাত্রীরা সীমান্ত অতিক্রম করতে পারবেন।’
এদিকে ঈদের ছুটির সময় বন্দর ও কাস্টমস হাউসের কিছু প্রশাসনিক কার্যক্রম সীমিত আকারে চালু থাকবে বলে জানিয়েছেন কাস্টমস কমিশনার মুশফিকুর রহমান। তিনি বলেন, ‘জরুরি প্রশাসনিক কাজগুলো সীমিত পরিসরে পরিচালিত হবে।’
আরআই/টিকে