অরিজিৎ সিংয়ের পর প্লেব্যাক ছাড়ার ইঙ্গিত শ্রেয়া ঘোষালেরও!
ছবি: সংগৃহীত
০২:৪৯ পিএম | ১৭ মার্চ, ২০২৬
গত জানুয়ারি মাসেই প্লেব্যাক দুনিয়াকে ‘আলবিদা’ জানিয়েছেন অরিজিৎ সিং। বছরের শুরুতে গায়কের এহেন সিদ্ধান্তে শোরগোল পড়ে যায় কলকাতা, মুম্বইয়ের সিনেপাড়াতেও। সেসময়ে গায়কের পাশে দাঁড়িয়ে সুদূরপ্রসারী ইতিবাচক দিকের ইঙ্গিত দিয়েছিলেন শ্রেয়া ঘোষাল । এবার কি গায়িকাও অরিজিতের পথেই হাঁটতে চলেছেন? শ্রেয়ার সাম্প্রতিক এক মন্তব্যে তেমনই জল্পনা উসকে গিয়েছে।
শ্রেয়া ঘোষাল এবং অরিজিৎ সিং, দুই বঙ্গসন্তান যে প্লেব্যাকের দুনিয়ায় বিগত কয়েক বছর ধরেই শীর্ষস্থানে রয়েছেন, সেকথা অস্বীকার করার কোনও জায়গা নেই। বাংলা, হিন্দি থেকে দক্ষিণী সিনেদুনিয়ায় পুরুষ কণ্ঠে যেমন সুরকার, সঙ্গীত পরিচালকদের পয়লা পছন্দ অরিজিৎ, তেমনই বিগত এক দশক ধরে নারীকণ্ঠে একচেটিয়া আধিপত্য বজায় রেখেছেন শ্রেয়া ঘোষাল। এবার গায়িকা জানালেন, তিনিও ভীষণ ক্লান্ত হয়ে পড়েছেন। শুধু তাই নয়, সতীর্থ অরিজিৎ সিংয়ের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত যে তাঁকেও অনুপ্রেরণা জুগিয়েছে, সেকথাও জানান শ্রেয়া ঘোষাল। তাহলে কি তিনিও গায়কের পথেই হাঁটছেন? এমন কৌতূহল অস্বাভাবিক নয়!
এবি/টিকে
এবি/টিকে