© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শঙ্কা কাটিয়ে সুস্থ সেলিম খান, ফিরলেন ‘গ্যালাক্সি’তে

শেয়ার করুন:
শঙ্কা কাটিয়ে সুস্থ সেলিম খান, ফিরলেন ‘গ্যালাক্সি’তে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:০৪ পিএম | ১৭ মার্চ, ২০২৬
মস্তিষ্কে রক্তক্ষরণ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর অবশেষে আশার আলো দেখাল বলিউড সুপারস্টার সালমান খানের পরিবার। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা কিংবদন্তি চিত্রনাট্যকার সেলিম খান এখন অনেকটাই স্থিতিশীল। টানা কয়েকদিনের উদ্বেগ শেষে জানা যাচ্ছে, মঙ্গলবারই তাকে মুম্বাইয়ের হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তিনি ফিরছেন তার প্রিয় ঠিকানা ‘গ্যালাক্সি’তে।

গত ১৭ ফেব্রুয়ারি হঠাৎ মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হলে মুম্বাইয়ের একটি প্রথম সারির হাসপাতালে ভর্তি করা হয় ৯০ বছর বয়সী এই প্রবীণ তারকাকে। পরিস্থিতির অবনতি হলে তাকে রাখা হয়েছিল ভেন্টিলেশন সাপোর্টেও। দীর্ঘ কয়েকদিনের নিবিড় পর্যবেক্ষণে থাকার পর চিকিৎসায় সাড়া দিতে শুরু করেন তিনি। সালমান খানের পাশাপাশি তার ভাই আরবাজ খানও নিয়মিত বাবার শারীরিক অবস্থার উন্নতির কথা জানিয়ে আসছিলেন।



হাসপাতালে সেলিম খানকে দেখতে ছুটে গিয়েছিলেন তার দীর্ঘদিনের কাজের সঙ্গী ও বন্ধু জাভেদ আখতার। ‘শোলে’, ‘দিওয়ার’ কিংবা ‘ডন’-এর মতো কালজয়ী ছবির এই দুই রূপকারকে আবারও দেখা গেল এক ফ্রেমে। জাভেদ জানান, প্রবীণ এই চিত্রনাট্যকার এখন নিজ থেকেই চেয়ারে বসতে পারছেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে স্বাভাবিক কথাবার্তাও বলছেন।

শুরুতে চিকিৎসক জলিল পার্কার ও তার দল সেলিমের স্বাস্থ্যের আপডেট দিলেও পরবর্তীতে খান পরিবারের পক্ষ থেকে গোপনীয়তা রক্ষার অনুরোধ জানানো হয়। সালমানদের দাবি ছিল, পরিবারের অনুমতি ছাড়া যেন স্বাস্থ্য সংক্রান্ত কোনো তথ্য বাইরে না আসে। ফলে ভক্তদের মধ্যে উদ্বেগ বাড়লেও শেষ পর্যন্ত সুস্থ হয়েই বাড়ি ফিরছেন সেলিম খান।

বলিউডের ‘সুলতান’ খ্যাত অভিনেতা সালমান খান তার শত ব্যস্ততার মধ্যেও প্রতিদিন নিয়ম করে হাসপাতালে বাবাকে দেখতে গিয়েছেন। বাবার প্রতি তার এই দায়িত্ববোধ ও ভালোবাসা নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে। অবশেষে প্রিয় চিত্রনাট্যকারের সুস্থতার খবরে স্বস্তির নিশ্বাস ফেলছেন বলিউড ও তার অগণিত অনুরাগী।

এসএন 

মন্তব্য করুন