মারা গেলেন ৩ ফুট উচ্চতার কনটেন্ট ক্রিয়েটর মারিন
ছবি: সংগৃহীত
০৬:৩৪ পিএম | ১৭ মার্চ, ২০২৬
মাত্র তিন ফুটেরও কম উচ্চতার আলেহো লিটল নামে পরিচিত কলম্বিয়ান জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ডেভিড আলেজান্দ্রো পেলায়েজ মারিন মারা গেছেন। গত ১৩ মার্চ মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে ৩৩ বছর বয়স হয়েছিল এ তারকার।
মার্কিন ম্যাগাজিন পিপলের প্রতিবেদন অনুযায়ী মারিনের বন্ধু কনটেন্ট ক্রিয়েটর কার্লোস ফেরিয়া নিশ্চিত করেছেন এ তথ্য। সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে এক পোস্টে স্প্যানিশ ভাষায় তিনি লিখেছেন, ‘আজ সকালে আমি একটি দুঃসংবাদ পেলাম। সেটি হলো আমার বন্ধু মারিন মারা গেছেন।’ তবে তার পরিবার বা স্থানীয় কর্তৃপক্ষ এ ব্যাপারে কিছু জানায়নি।
মারিনের উচ্চতা ছিল মাত্র ৩ ফুটেরও কম। ইনস্টাগ্রাম ও টিকটকে তার বাস্তবজীবনের বিভিন্ন প্রতিবন্ধকতাকে গর্বের সঙ্গে উপস্থাপন করতেন। তিনি সোশ্যাল মিডিয়ার প্রোফাইলে উল্লেখ রেখেছিলেন, ‘আমি মাত্র ৯০ সেন্টিমিটার লম্বা এবং আমার কাছে কোনো কিছুই খুব বড় নয়।’

ইনস্টাগ্রাম ও টিকটকে সম্মিলিতভাবে ৪২ লাখেরও বেশি মানুষ ফলো করেন তাকে। এ তরুণ কনটেন্ট ক্রিয়েটর এক ধরনের কঙ্কালগত ডিসপ্লেসিয়া নিয়ে নিজ জীবনযাত্রা সংক্রান্ত কনটেন্ট তৈরি করতেন। ফলে অল্প সময়ের মধ্যেই পরিচিতি লাভ করেন। তার শারীরিক সমস্যাটি মূলত বিরল জিনগত রোগ, যা হাড়, অস্থিসন্ধি ও তরুণাস্থি গঠনের প্রক্রিয়াকে প্রভাবিত করত এবং প্রায়ই বিভিন্ন জটিলতা সৃষ্টি করত।
গত ২ মার্চ সোশ্যাল মিডিয়ার প্রোফাইলগুলো আপডেট করেছিলেন। টিকটকে নিজের একটি ভিডিও পোস্ট করেন, যেখানে তাকে একটি পানীয় পান করতে দেখা যায় এবং এর ওপর লেখা ছিল, আপনি যখন একদম তলানিতে পৌঁছে যান, এত কিছু ঠিক করতে করতে ক্লান্ত হয়ে পড়েন কিন্তু পানির উপরে ভেলা খুঁজে পেতে চান, যা আপনাকে বাঁচাবে বলে। পোস্টটিতে একটি অক্সিজেন ট্যাঙ্ক ব্যবহার করতে দেখা গেছে তাকে।
গত ১০ ফেব্রুয়ারিই নিজের ৩৩তম জন্মদিন উপলক্ষে ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি। সেখানে জানান, আবার নিজের মতো হতে চাইছেন তিনি। একইসঙ্গে ঈশ্বরকে ধন্যবাদও জানান। তার এই অকাল মৃত্যুতে বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষী ও অন্যান্য কনটেন্ট ক্রিয়েটরদের মধ্যে শোকের ছায়া ফেলেছে।
কেএন/এসএন