‘দিনটা ছিল হলদি আর হোলির মতো’
ছবি: সংগৃহীত
০৭:৩৬ পিএম | ১৭ মার্চ, ২০২৬
দক্ষিণি তারকা বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানার বিয়ে বলিউডের সবচেয়ে আলোচিত বিয়ের তালিকায় জায়গা করে নিয়েছে। কয়েক সপ্তাহ ধরেই তাদের বিয়ের নানা পর্বের ছবি ও ভিডিও দিয়ে সামাজিক মাধ্যমে উষ্ঞতা ছড়াচ্ছে এই তারকা দম্পতি। এবার হলুদের অনুষ্ঠানের একগুচ্ছ প্রাণবন্ত ছবি প্রকাশ করে নজর কাড়লেন এই দম্পতি।

সোমবার (১৬ মার্চ) গায়ে হলুদের একগুচ্ছ রঙিন মুহূর্তের ছবি প্রকাশ করে রাশমিকা লেখেন, ‘দিনটা ছিল হলদি আর হোলির মতো। আমরা সবাই এতটাই রঙে ভিজে গিয়েছিলাম যে এখনো আমার চুলে লালের আভা লেগে আছে।’

রাশমিকা মজার ছলে আরও জানান, সেদিনের সব খেলাতেই তিনি জেতেন যার পুরো কৃতিত্ব ‘টিম ব্রাইড’কে দিয়েছেন। এমনকি সেই দলে ছিলেন তার স্বামী বিজয়।
বিয়ের আয়োজন নিয়ে পোস্টে বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন রাজস্থানের উদয়পুরে অবস্থিত বিলাসবহুল রিসোর্ট মেমেন্টোস বাই আইটিসি হোটেলসকে। রাশমিকা বলেন, ‘আমরা এখানে বিয়ে করতে পেরে ভীষণ খুশি। পরিবেশ, স্টাফ, সেবা, খাবার সবকিছুই ছিল অসাধারণ। আমরা দারুণ সময় কাটিয়েছি। খুব শিগগির আবার সেখানে ফিরব।’

পোশাকের প্রসঙ্গেও আলাদা করে ধন্যবাদ জানিয়েছেন ভারতীয় বিখ্যাত ডিজাইনার অনামিকা খান্নাকে। রাশমিকা জানান, তাদের বিয়ের পোশাকের যে স্বপ্ন ছিল, সেটিকে বাস্তবে রূপ দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই ডিজাইনার।
পোস্টের শেষে নতুন জীবনের প্রতি উচ্ছ্বাস প্রকাশ করে লেখেন, ‘একসঙ্গে আমাদের পথচলার এটি কেবল শুরু।’
রাশমিকার এই পোস্ট প্রকাশের পর ভক্তদের শুভেচ্ছায় ভরে গেছে মন্তব্যঘর। অনেকেই তাদের নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়ে বিয়ের রঙিন মুহূর্তগুলোর প্রশংসা করেছেন।
ছবিগুলোতে ধরা পড়েছে একেবারে নির্ভার, হাসি-আনন্দে ভরা এক উদ্যাপন। পরিবার-পরিজনের সঙ্গে খুনসুটি, অতিথিদের নাচ-গান সব মিলিয়ে অনুষ্ঠানটি যেন কোনো আনুষ্ঠানিকতা নয় বরং রঙের উৎসব ‘হোলি’র আবহ তৈরি করেছে।

হলুদের ছবিতে বিজয়ের পরনে ছিল ফুলেল নকশার একটি কুর্তা, সঙ্গে সানগ্লাস ছবিটিতে দিয়েছে এক উৎসবমুখর ছোঁয়া। অন্যদিকে সোনালী গয়নায় সবুজ অফ-শোল্ডার পোশাকে রাশমিকাকে অসাধারণ লাগছিল।
এসএন