দত্তক পুত্র আদিকে ঘিরে আবেগঘন পোস্ট জোজোর
ছবি: সংগৃহীত
০৯:৫৩ পিএম | ১৭ মার্চ, ২০২৬
গায়িকা জোজো মুর্খাজীর জীবনের গল্প শুধু সুরের নয়, এক অসাধারণ মাতৃত্বেরও। মঞ্চের ঝলমলে আলো থেকে দূরে, তাঁর জীবনের সবচেয়ে বড় শক্তি তাঁর দুই সন্তান- মেয়ে বাজো এবং দত্তক পুত্র আদি (অদীপ্ত)।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পুরনো ছবি শেয়ার করে আবেগঘন পোস্ট করেন জোজো। সেই ছবিতে ধরা পড়েছে ছোট্ট আদির সঙ্গে তাঁর কিছু অমূল্য মুহূর্ত। আর সেই স্মৃতির টানেই ফিরে গেলেন জীবনের কঠিন সময়গুলিতে- করোনা হোক বা প্রাকৃতিক বিপর্যয়, প্রতিটি লড়াইয়ে তাঁর পাশে ছিল এই ছোট্ট ছেলেটি।
জোজোর কথায়, “তুই না থাকলে জীবনটা আবার এতটা গোছানো হতো না…”- এই একলাইনেই ধরা পড়েছে তাঁর মনের গভীর কৃতজ্ঞতা। নিজের জীবনের অনেকটা জুড়েই তিনি আদিকে দেখেন আশ্রয় আর ভরসা হিসেবে।

পঞ্চাশের দোরগোড়ায় এসে আদিকে দত্তক নেওয়ার সিদ্ধান্ত সহজ ছিল না। কিন্তু সেই সিদ্ধান্তই আজ তাঁর জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। তিনি বারবার প্রমাণ করেছেন, মাতৃত্ব শুধু রক্তের সম্পর্কে বাঁধা নয়- ভালোবাসাই তার আসল ভিত্তি।
সম্পত্তির মতো স্পর্শকাতর বিষয়েও জোজোর ভাবনা একেবারে স্পষ্ট। তিনি চান, তাঁর দুই সন্তানই সমান অধিকার পাক। বড় মেয়ে বাজো যেমন নিজের জায়গায় সুরক্ষিত, তেমনই আদির জন্যও তিনি আলাদা করে সব গুছিয়ে দিতে চান, যাতে ভবিষ্যতে কোনও অভাব না থাকে।
জোজোর কাছে বাজো তাঁর রক্তের সম্পর্ক, আর আদি তাঁর হৃদয়ের। আর এই দুই সম্পর্ক মিলিয়েই গড়ে উঠেছে তাঁর সম্পূর্ণ পৃথিবী।
কেএন/এসএন