অভিনেতা শামস সুমন মৃত্যুতে ছন্দার আবেগঘন পোস্ট
ছবি: সংগৃহীত
১০:৪০ পিএম | ১৭ মার্চ, ২০২৬
দেশের ছোট ও বড় পর্দার অত্যন্ত পরিচিত মুখ এবং জনপ্রিয় অভিনেতা শামস সুমন চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাজধানীর ল্যাবএইড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার এই আকস্মিক মৃত্যুতে বিনোদন অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। প্রিয় সহকর্মীর এমন বিদায়ে চরম বিস্ময় ও শোক প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে ছন্দা স্মৃতিচারণ করে জানান কিছুদিন আগেই দেশের একটি গণমাধ্যম প্রাঙ্গণে সুমনের সঙ্গে তার দেখা হয়েছিল। ছেলে ডাক্তার হয়ে যাচ্ছে বলে সুমন তখন গর্বিত বাবার হাসি হেসেছিলেন এবং সব কৃতিত্ব দিয়েছিলেন স্ত্রী লিজাকে। লিজা মূলত ছন্দার কলেজ জীবনের বন্ধু। আক্ষেপ করে ছন্দা লেখেন খবরটি শুনে তিনি ভীষণ অপ্রস্তুত হয়ে পড়েছেন।

দীর্ঘদিনের সহকর্মী এবং বন্ধুর প্রাণপ্রিয় মানুষটির এমন চিরবিদায় কিছুতেই মেনে নিতে পারছেন না এই অভিনেত্রী। তিনি আক্ষেপ করে জানান ডাক্তার হওয়া ছেলেটির বাবা এবং তার বন্ধুর প্রাণপ্রিয় মানুষটি আর কোথাও নেই। শুটিং সেটে সুমনের বলা কতো বুদ্ধির কথা তারা এখনো আলোচনা করেন সেটিও স্মরণ করেন তিনি। পরিশেষে পরপারে এই অভিনেতার আত্মার চিরশান্তি কামনা করে বিদায় জানান ছন্দা।
শামস সুমন নব্বইয়ের দশকের শেষভাগ থেকে টেলিভিশন নাটকে অভিনয় শুরু করে দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন। সাবলীল অভিনয় এবং গম্ভীর কণ্ঠস্বর তাঁকে সবার কাছে আলাদা পরিচিতি দিয়েছিল। ২০০৮ সালে স্বপ্নপূরণ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
কেএন/এসএন