© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পাইরেসির শঙ্কায় শুরুতে সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পাচ্ছে না ‘দম’

শেয়ার করুন:
পাইরেসির শঙ্কায় শুরুতে সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পাচ্ছে না ‘দম’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৫৭ এএম | ১৮ মার্চ, ২০২৬
আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও পূজা চেরি অভিনীত ‘দম’ সিনেমা পোস্টার ও টিজারের পর এবার প্রকাশ পেয়েছে ট্রেলার। এরই মধ্যে সিনেমাটি ঘিরে দর্শকের আগ্রহ তুঙ্গে। তবে মুক্তির দুই দিন আগে প্রযোজক জানালেন, পাইরেসির শঙ্কায় শুরুতে সিঙ্গেল স্ক্রিনে মুক্তি দিতে চান না তারা।

মঙ্গলবার বিকেলে রাজধানীর একটি হোটেলে ট্রেলার প্রকাশ পরবর্তী সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ‘দম’-এর অন্যতম প্রযোজক শাহরিয়ার শাকিল।

তিনি বলেন, ‘আড়াই বছর ধরে আমরা এই সিনেমার কাজ করছি। এটি পরিবার নিয়ে দেখার মতো একটি সিনেমা। ট্রেলার প্রকাশের পর সবাই কিছুটা বুঝতে পারছেন। আমার মনে হয় দর্শকের জন্য এটি নতুন ধরনের একটি কাজ হয়েছে।’

পাইরেসির বিষয়টি তুলে আলফা আইয়ের কর্ণধার শাহরিয়ার শাকিল বলেন, “আমরা এ পর্যন্ত যতগুলো সিনেমা নির্মাণ করেছি, সবগুলোই সিনেপ্লেক্সের পাশাপাশি সিঙ্গেল স্ক্রিনে মুক্তি দিয়েছি। আমাদের সর্বশেষ সিনেমা ‘তাণ্ডব’ মুক্তির ষষ্ঠ দিনেই পাইরেসির শিকার হয়। এতে করে আমরা ভীষণ ক্ষতির সম্মুখীন হয়েছি। ‘দম’ আমাদের ষষ্ঠ সিনেমা, বাজেটও অনেক বেশি। এই সিনেমাটি যদি পাইরেসি হয়, তাহলে আমাদের বড় ক্ষতির মুখে পড়তে হবে। তাই ঈদে সিনেমাটি শুধু সিনেপ্লেক্সে মুক্তি পাবে। দুই–তিন সপ্তাহ পর সিঙ্গেল স্ক্রিনে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আফরান নিশো ও পূজা চেরি নির্মাতা রেদওয়ান রনিসহ সিনেমার কলাকুশলীরা।



এসময় আফরান নিশো বলেন, “দম’ নিয়ে কথা বলতে গেলে আবেগপ্রবণ হয়ে যাই। কাজটি ভালো করতে গল্প নিয়ে অসংখ্যবার টিমের সঙ্গে বসেছি। মানুষের পক্ষে এত কষ্ট করা সম্ভব না- সিনেমাটির জন্য যতটা পরিশ্রম করেছি। প্রতিটি মানুষ সিনেমাটির জন্য শ্রম দিয়েছেন। দর্শকরা সিনেমাটি দেখে ঠকবেন না। এমন গল্প ও চরিত্র আগে করিনি। আমার ইচ্ছা, ইন্ডাস্ট্রিকে গল্পনির্ভর কাজ উপহার দেওয়া। নাটকে অনেক অর্থ উপার্জন করা সম্ভব ছিল, কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে সিনেমায় কাজ করতে এসেছি। আবারও বলছি, “দম” কাউকে নিরাশ করবে না।”

পূজা চেরি বলেন, “আপনারা বলতে বাধ্য হবেন, এটি একটি দমদার সিনেমা। এখানে আমার স্বামীর চরিত্রে আছেন নিশো ভাই। তিনি এতটাই সাপোর্টিভ, তা তার সঙ্গে কাজ না করলে বোঝা যেত না। তিনি যেমন সেটে আমাদের আনন্দ দিয়েছেন, তেমনি কাজ শেখাতেও সাহায্য করেছেন।”

পরিচালক রেদওয়ান রনি বলেন, “দমের শক্তি কতটা, তা সিনেমা দেখলেই বোঝা যাবে। একবার ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে একটি গল্প পড়ে ভীষণ আবেগাপ্লুত হয়েছিলাম। সেখান থেকেই এই সিনেমার অনুপ্রেরণা।

এখানে একজন মানুষের মানসিক শক্তির দারুণ প্রকাশ দেখা যাবে। নিশো, চঞ্চল ভাইসহ সবাই এই সিনেমার জন্য অসাধারণ পরিশ্রম করেছেন। নতুন জায়গায় কাজ করার অভিজ্ঞতাও দারুণ। আমি মনে করি, এই সিনেমা আন্তর্জাতিক বাজারেও প্রতিযোগিতা করতে পারবে।”

কলকাতার এসভিএফ, বাংলাদেশের ‘চরকি’ ও আলফাআইয়ে যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমায় আফরান নিশো ও পূজা চেরী ছাড়াও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, আবুল হায়াত, ডলি জহুর ও জাহিদ হাসানসহ অনেকে। চিত্রনাট্য লিখেছেন রেদওয়ান রনি, রবিউল আলম রবি, সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর ও মো. সাইফুল্লাহ রিয়াদ।

এসকে/টিকে

মন্তব্য করুন