ঈদের ফ্যাশনে নতুন ট্রেন্ড ‘কাশ্মীরি চুড়ি’
ছবি: সংগৃহীত
০২:৫২ পিএম | ১৯ মার্চ, ২০২৬
ঈদ মানেই নতুন পোশাকের সাথে মিলিয়ে একরাশ রঙিন চুড়ি। তবে এবারের ঈদের ফ্যাশনে সব আয়োজনকে ছাপিয়ে আলোচনায় জায়গা করে নিয়েছে ‘কাশ্মীরি চুড়ি’। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকেই এই চুড়ি নিয়ে তরুণীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। বিশেষ করে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানের একটি ভিডিওতে এই চুড়ি দেখার পর থেকেই এর চাহিদা কয়েক গুণ বেড়ে গেছে।
কাশ্মীরি চুড়ি চেনার সবচেয়ে সহজ উপায় হলো এর বিশেষ নকশা। একটি সেটে সাধারণত চারটি বড় কড়া থাকে, যার সাথে লাগানো থাকে ছোট ছোট মিষ্টি শব্দের ঘুঙুর। এই কড়াগুলোর মাঝে সাজানো থাকে চিকন কাঁচ বা ধাতব চুড়ি। লাল, সবুজ, সোনালি আর টারকয়েজের মতো উজ্জ্বল রঙের এই চুড়িগুলো হাতে পরলে যেন রংধনু খেলা করে। আর হাত নাড়লেই ঘুঙুরের টুংটাং শব্দ ঈদের আমেজে যোগ করে বাড়তি মাধুর্য।
পাকিস্তানের রাওয়ালপিন্ডির ঐতিহ্যবাহী মোতি বাজার থেকে শুরু করে বাংলাদেশের বড় বড় শপিং মল কিংবা অনলাইন পেজ-সবখানেই এখন ক্রেতাদের একটাই প্রশ্ন, কাশ্মীরি চুড়ি আছে? বিক্রেতারা জানাচ্ছেন, কয়েক মাস আগেও যেসব চুড়ি দোকানে পড়ে থাকত, ভাইরাল হওয়ার পর এখন সেগুলোর স্টক নিমেষেই শেষ হয়ে যাচ্ছে। চাহিদা বাড়ায় এই চুড়ির দামও কিছুটা বেড়েছে, তবুও পছন্দের পোশাকের সাথে মিলিয়ে এটি কিনতে পিছপা হচ্ছেন না ফ্যাশন সচেতনরা।
একটা সময় ছিল যখন ঈদের ফ্যাশনে পাথর বসানো বা রেশমি চুড়ির চল ছিল বেশি। কিন্তু বর্তমান যুগে ফেসবুক ও ইনস্টাগ্রামের একটি ভিডিওই বদলে দিয়েছে পুরো বাজারের চিত্র। মেহেদি রাঙা হাতে এই ভাইরাল চুড়ি পরে ছবি পোস্ট করা এখন অনেকের কাছেই ঈদের অন্যতম পরিকল্পনা।
আরআই/এসএন