বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ এগিয়ে যায় : দুলু
ছবি: সংগৃহীত
০৮:৪২ পিএম | ১৯ মার্চ, ২০২৬
জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘সাংবাদিকরা যুগ যুগ ধরে নির্যাতিত ও অবহেলিত হয়ে আসছেন। তাদের ত্যাগ-তিতিক্ষা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে একটি দেশ বিশ্বমানচিত্রে এগিয়ে যায়।’
বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে নাটোরে ইউনাইটেড প্রেসক্লাব আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দুলু বলেন, ‘পার্লামেন্টে সাংবাদিকদের মহার্ঘ ভাতা এবং নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের জন্য যা যা করা প্রয়োজন, একজন সংসদ সদস্য হিসেবে আমি তা করার সর্বোচ্চ চেষ্টা করবো।
হুইপ বলেন, ‘একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাকে শক্তিশালী করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করা সময়ের দাবি।’
তিনি বলেন, ‘আপনাদের সংবাদের মধ্য দিয়ে আমার পরিচিতির বিকাশ ঘটেছে। আবার মিথ্যা সংবাদ আমাকে আহত করেছে। কাজেই সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নির্ভয়ে লিখুন। আমরা আপনাদের পাশে আছি।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু, নাটোরের পুলিশ সুপার আব্দুল ওয়াহাব এবং অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সহধর্মিনী সাবিনা ইয়াসমিন ছবি। পরের দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি নাসিম উদ্দিন নাসিম, সাধারণ সম্পাদক এস এম কামালসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইউটি/টিএ