নর্দমা থেকে অভিনেতার মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য!
ছবি: সংগৃহীত
১২:৩৬ পিএম | ২০ মার্চ, ২০২৬
মাত্র ৩৩ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমালেন যুক্তরাজ্যের পরিচিত মুখ অভিনেতা জর্ডান রাইট। থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটন কেন্দ্র ফুকেটে একটি নর্দমা থেকে তার মরদেহ উদ্ধার হওয়ায় পুরো ঘটনাটি ঘিরে তৈরি হয়েছে রহস্য।
আন্তর্জাতিক গণমাধ্যম ডেইলি মেইলের তথ্য অনুযায়ী, গত ১৪ মার্চ দুপুর সাড়ে ১২টার দিকে ফুকেটের ব্যাং তাও সৈকতের কাছে একটি নর্দমায় উপুড় হয়ে পড়ে থাকা একটি মরদেহ দেখতে পান এক বার্মিজ শ্রমিক। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে এবং সেটি জর্ডান রাইটের বলে শনাক্ত করে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, মৃত্যুর আগে তাকে অস্বাভাবিক আচরণ করতে দেখা গেছে- সিসিটিভি ফুটেজে এলোমেলোভাবে দৌড়াতে দেখা যায় তাকে। তবে তার শরীরে কোনো আঘাত বা নির্যাতনের চিহ্ন পাওয়া যায়নি। তিনি যে হোটেলে উঠেছিলেন, সেখান থেকেও কোনো সন্দেহজনক তথ্য মেলেনি। জানা গেছে, ১৩ মার্চ তার চেক-আউট করার কথা থাকলেও তিনি তা করেননি।

পুলিশের ধারণা, মরদেহ উদ্ধারের অন্তত দুই দিন আগে তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে।
ব্যক্তিজীবনে জর্ডান রাইট ব্রিটিশ মিডিয়া ব্যক্তিত্ব ভিকি প্যাটিসনের সঙ্গে সম্পর্কে ছিলেন। তিনি ‘এক্স অন দ্য বিচ’ ও ‘টিওডব্লিউআইই’- এর মতো জনপ্রিয় রিয়েলিটি শোতে অংশ নিয়ে পরিচিতি পান। অভিনয়ের পাশাপাশি তিনি পেশায় ছিলেন একজন দমকলকর্মী।
একসময় শুটিংয়ের জন্য অসুস্থতার ছুটি নেওয়ার অভিযোগে তাকে টিভি শো থেকে বাদ দেওয়া হয়। এরপর তিনি বিনোদন জগৎ ছেড়ে আবার দমকলকর্মীর পেশায় ফিরে যান।
এসকে/টিকে