আজ সংগীতশিল্পী অলকা ইয়াগনিক এর জন্মদিন
ছবি: সংগৃহীত
০২:০৫ পিএম | ২০ মার্চ, ২০২৬
সংগীতশিল্পী অলকা ইয়াগনিক এর জন্মদিন আজ। ১৯৬৬ সালে কলকাতাতে জন্ম নেওয়া এই কণ্ঠশিল্পীর সংগীতজীবনের শুরু খুব অল্প বয়সেই। মাত্র ছয় বছর বয়সে অল ইন্ডিয়া রেডিওতে প্রথম গান করেন তিনি।
ছোটবেলার সেই মাইক্রোফোনের সামনে দাঁড়ানো শিশুকণ্ঠই পরে উপমহাদেশের সংগীতজগতে অন্যতম পরিচিত নাম হয়ে ওঠে।
শৈশব থেকেই সংগীতের পরিবেশে বেড়ে ওঠা অলকা ধীরে ধীরে পেশাদার গানের জগতে নিজের জায়গা করে নেন। তবে তাঁর ক্যারিয়ারের বড় বাঁক আসে ‘তেজাব’ সিনেমায় ‘এক দো তিন’ গানটির মাধ্যমে। গানটি মুক্তির পরই ব্যাপক জনপ্রিয়তা পান তিনি, আর সেই সঙ্গে তাঁর কণ্ঠ পৌঁছে যায় অসংখ্য শ্রোতার কাছে।

এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। দীর্ঘ সংগীতজীবনে এক হাজারের বেশি সিনেমায় কণ্ঠ দিয়েছেন অলকা ইয়াগনিক। বিশটির বেশি ভাষায় তাঁর গাওয়া গানের সংখ্যা বিশ হাজার ছাড়িয়েছে। রোমান্টিক, শাস্ত্রীয়, প্রাণবন্ত নৃত্যগান সব ধরনের গানে সমান স্বাচ্ছন্দ্যে কণ্ঠ দেওয়ার কারণে বহু প্রজন্মের শ্রোতার কাছে তিনি এখনো সমানভাবে জনপ্রিয়।
দীর্ঘ কয়েক দশক ধরে চলচ্চিত্রসংগীতে নিজের স্বতন্ত্র অবস্থান ধরে রাখা অলকা ইয়াগনিকের জন্মদিনে আজও ফিরে দেখা হচ্ছে তাঁর অসংখ্য স্মরণীয় গানের পথচলা।
পিআর/টিকে