সঙ্গীতশিল্পী অলকার কণ্ঠ সুস্থ হোক, প্রার্থনায় গায়ক উদিত নারায়ণ
ছবি: সংগৃহীত
০২:৪০ পিএম | ২০ মার্চ, ২০২৬
সংগীতজগতে একসময় যে জুটির নাম উচ্চারণ হলেই শ্রোতাদের মনে ভেসে উঠত একের পর এক জনপ্রিয় গান, সেই দুই কণ্ঠশিল্পী অলকা ইয়াগনিক ও উদিত নারায়ণ–কে ঘিরে আবারও আলোচনার জন্ম দিয়েছে একটি আবেগঘন বার্তা। অলকা যাজ্ঞিকের জন্মদিনে দীর্ঘদিনের সহশিল্পী উদিত নারায়ণ স্মরণ করলেন তাঁদের একসঙ্গে কাটানো অসংখ্য সময়, রেকর্ডিংঘরের মুহূর্ত, মঞ্চের খুনসুটি আর গানের ভেতর গড়ে ওঠা এক বিশেষ বন্ধনের কথা।
উদিতের ভাষ্যে, অলকার সঙ্গে তাঁর স্মৃতির পরিধি এত বিস্তৃত যে তা বলে শেষ করা কঠিন। একসময় তাঁদের দ্বৈত গান আলাদা জনপ্রিয়তা পেয়েছিল, শ্রোতারা তাঁদের আলাদা জুটি হিসেবেই দেখতেন। তাঁর দাবি, অলকার সঙ্গে সবচেয়ে বেশি গান তিনিই গেয়েছেন, আর সেই রসায়নই বহু বছর ধরে শ্রোতাদের কাছে আলাদা আবেদন তৈরি করেছে।

কয়েক মাস আগে অলকাকে শুভেচ্ছা জানাতে ফোন করেই প্রথম তাঁর শারীরিক সমস্যার খবর জানতে পারেন উদিত। পরিবারের কাছ থেকে জানতে পারেন, কানের জটিলতার প্রভাব পড়েছে কণ্ঠেও। সেই খবর শুনে মন খারাপ হয়ে যায় তাঁর। কারণ দীর্ঘ সংগীতজীবনে একসঙ্গে অসংখ্য গান গাওয়া এই শিল্পীকে তিনি আবারও আগের মতো গান গাইতে দেখতে চান।
শুধু চলচ্চিত্রের গান নয়, বহু সরাসরি মঞ্চ অনুষ্ঠানেও একসঙ্গে অংশ নিয়েছেন তাঁরা। উদিত স্মরণ করেন, মঞ্চে তাঁদের সহজ সম্পর্ক, হাসি-ঠাট্টা আর অনায়াস বোঝাপড়া দর্শকদেরও খুব টানত। বয়স বেড়েছে, সময় বদলেছে, কিন্তু তাঁর বিশ্বাস আজও একসঙ্গে গান গাইলে সেই পুরোনো রসায়ন ফিরে আসবে।
অলকার ব্যক্তিত্ব নিয়েও প্রশংসা করেছেন উদিত। তাঁর মতে, শিল্পী হিসেবে যেমন দক্ষ, মানুষ হিসেবেও তেমনি সহজ ও গ্রহণযোগ্য। বহু রেকর্ডিংয়ের স্মৃতি মনে করে তিনি বলেন, প্রায়ই মজা করে সঙ্গীত পরিচালকদের বলতেন, আগে গান গাইবেন অলকা কারণ নারীকে আগে সুযোগ দেওয়ার এই ছোট্ট রসিকতা তাঁদের কাজের পরিবেশকে আরও প্রাণবন্ত করত।
প্রিয় গানের প্রসঙ্গে উদিতের মনে সবার আগে আসে কেয়ামত সে কেয়ামত তাক–এর গানগুলো। পাশাপাশি কুচ কুচ হোতা হে–এর গানও তাঁর পছন্দের তালিকায় রয়েছে। জন্মদিনে তাঁর একটাই প্রার্থনা-অলকা দ্রুত সুস্থ হয়ে উঠুন, আর একদিন আবারও যেন একই মঞ্চে পাশাপাশি দাঁড়িয়ে গান গাওয়া যায়।
পিআর/টিকে