আজ অভিনেত্রী পারভীন সুলতানা দিতির ১০ম মৃত্যুবার্ষিকী
ছবি: সংগৃহীত
০২:৫৭ পিএম | ২০ মার্চ, ২০২৬
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পারভীন সুলতানা দিতির আজ দশম মৃত্যুবার্ষিকী। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করার পর ২০১৬ সালের ২০ মার্চ তিনি পরপারে পাড়ি জমান। তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ারে নায়িকা হিসেবে পাওয়া সফলতা ছাড়াও ব্যক্তিত্ব এবং অভিনয়ের মাধ্যমে দর্শকের মনে অমলিন ছাপ ফেলেছেন দিতি।

পারভীন সুলতানা দিতি ১৯৬৫ সালের ৩১ মার্চ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই গান ও অভিনয়ের প্রতি তাঁর দুর্নিবার আকর্ষণ ছিল। আশির দশকে নতুন মুখ খুঁজে নেওয়ার প্রক্রিয়ার মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে তাঁর যাত্রা শুরু হয়। এরপর দীর্ঘ সময় ধরে দুই শতাধিক ছবিতে অভিনয় করেন তিনি।
দিতির উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে দুই জীবন, বীরাঙ্গনা সখিনা, আপন ঘর, ভাই বন্ধু, উছিলা, লেডি ইন্সপেক্টর, স্বামী-স্ত্রী, হীরামতি, আজকের হাঙ্গামা, স্ত্রীর পাওনা, মেঘের কোলে রোদ এবং চার সতীনের ঘর। পারভীন সুলতানা দিতির অভিনয়ে ধারা এবং ব্যক্তিত্ব এখনও চলচ্চিত্রপ্রেমীদের মনে জীবন্ত। এই মৃত্যুবার্ষিকীতে তাঁকে স্মরণ করছে পুরো ঢাকাই চলচ্চিত্র পরিবার।
পিআর/টিকে