ফিরছে বিশ্বখ্যাত কে-পপ ব্যান্ড বিটিএস, আজ মুক্তি পাচ্ছে নতুন অ্যালবাম
ছবি: সংগৃহীত
০৩:৩৫ পিএম | ২০ মার্চ, ২০২৬
দীর্ঘ বিরতির পর পূর্ণাঙ্গ দল হিসেবে ফিরছে বিশ্বখ্যাত কে-পপ ব্যান্ড বিটিএস। প্রায় চার বছর পর তাদের নতুন স্টুডিও অ্যালবাম 'আরির্যাঙ্গ' প্রকাশ হতে যাচ্ছে।
শুক্রবার (২০ মার্চ) ১৪টি গানের এই অ্যালবামটি মুক্তি পাবে। এটি ২০২২ সালের অ্যান্থোলজি অ্যালবাম 'প্রুফ'-এর পর প্রথম গ্রুপ প্রজেক্ট। খবর দ্য কোরিয়া হেরাল্ড'র।
অ্যালবামের নাম নেওয়া হয়েছে জনপ্রিয় কোরিয়ান লোকগান 'আরির্যাঙ্গ' থেকে। গানটি অনেকের কাছে অনানুষ্ঠানিক জাতীয় সঙ্গীত হিসেবে বিবেচিত। ব্যান্ডটির লেবেল বিগহিট মিউজিক জানিয়েছে, এই অ্যালবামে কোরিয়ান পরিচয়, আবেগ ও ভালোবাসার প্রকাশ রয়েছে।
দলের নেতা আরএম বলেন, কোরিয়ান পরিচয় আমাদের একসঙ্গে বেঁধে রাখে। এটি আমাদের শেকড়ের সঙ্গে যুক্ত করে। তবে ঐতিহ্যকে সরাসরি নয়, আধুনিকভাবে উপস্থাপন করা হয়েছে বলে জানান তিনি।

অ্যালবামের প্রধান গান 'সুইম'। এটি একটি আপবিট অল্টারনেটিভ পপ ট্র্যাক। জীবনের চ্যালেঞ্জ মোকাবিলার বার্তা রয়েছে এতে। গানটির কথা লেখায় অংশ নিয়েছেন আরএম। তিনি বলেন, গানটি একবার শুনে বারবার শুনতে ইচ্ছে করে।
অ্যালবাম প্রকাশ উপলক্ষে বিশেষ লাইভ পারফরম্যান্স করবে বিটিএস। অনুষ্ঠানটি নেটফ্লিক্স সরাসরি সম্প্রচার করবে।
এরপর যুক্তরাষ্ট্র সফরে গিয়ে নিউইয়র্কে পারফরম্যান্স এবং এনবিসির জনপ্রিয় শোতেও অংশ নেবে ব্যান্ডটি।
এসকে/টিকে